বাংলাদেশ অনলাইন-এর সফ্টওয়্যার রপ্তানি শুরু: যুক্তরাজ্য থেকে ৪ মিলিয়ন ডলারের অর্ডার
দেশের অন্যতম সফ্টওয়্যার ডেভেলপার এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেড সফ্টওয়্যার রপ্তানি শুরু করেছে।
বেক্সিমকোর মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য থেকে ইতোমধ্যে চার মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে।
যুক্তরাজ্য থেকে পাওয়া ২৭ কোটি টাকার (চার মিলিয়ন মার্কিন ডলার) গেমস সফ্টওয়্যার রপ্তানির চুক্তির প্রথম শিপমেন্ট হিসেবে কোম্পানিটি সম্প্রতি যুক্তরাজ্যে ১০ কোটি টাকার (১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যমানের সফ্টওয়্যার রপ্তানি করেছে। চুক্তি অনুযায়ী অবশিষ্ট রপ্তানি খুব শিগগিরই সম্পন্ন হবে।
বাংলাদেশ অনলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান বলেন, যুক্তরাজ্যের আমদানিকারকদের মধ্যে বাংলাদেশ অনলাইন-এর গেমস সফ্টওয়্যার ব্যাপক সাড়া জাগিয়েছে। অদূর ভবিষ্যতে আরো রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
এই শিপমেন্টকে ‘শুরু’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশ অনলাইনের সফ্টওয়্যার-এর উৎকৃষ্টতার কারণে যুক্তরাজ্যে বাংলাদেশের সফ্টওয়্যার বাজার তৈরি আরও ত্বরান্বিত হবে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও এর মাধ্যমে বাংলাদেশ থেকে সফ্টওয়্যার আমদানিতে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশে ব্রডব্যান্ড ও ডায়াল-আপ ইন্টারনেট সেবা প্রদানের পথিকৃৎ কোম্পানি বাংলাদেশ অনলাইন তারসহ এবং তারবিহীন উভয় ধরনের ব্রডব্যান্ড সল্যুশন দিয়ে থাকে। ডায়াল-আপের ক্ষেত্রে কোম্পানিটি প্রি-পেইড, পোস্ট-পেইড এবং আনলিমিটেড প্যাকেজ-এর মাধ্যমে সেবা প্রদান করে।
