কড়া নিরাপত্তায় গাবতলীতে কোরবানীর হাট শুরু, ঢাকার হাট এখনো জমনি
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মঙ্গলবার থেকে ঢাকার গাবতলী পশুর হাটে ঈদের কোরবানীর পশু কেনাবেচা শুরু হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশনের ওই একমাত্র স্থায়ী হাট ছাড়া অন্য ১৫টি অস্থায়ী হাটের কোথাও এখনো কোরবানীর পশু ওঠেনি।
আবার অনেক জায়গায় এখনো প্রস্তুত হয়নি হাটের জন্য নির্ধারিত স্থান। ব্যবসায়ীরা বলছেন, ওইসব হাটও বসতে শুরু করবে আগামী শুক্রবারের মধ্যে।
আগামী ১১ জানুয়ারি পবিত্র ঈদুল আজহা।
গাবতলী হাট ঘুরে দেখা যায়, সেখানে কোরবানীর পশু হিসেবে উট, গরু ও ছাগল আসতে শুরু করেছে। পশুর মালিক অথবা ফড়িয়া ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে ওই হাটে পশু এনে বিক্রি করতে শুরু করেছেন।
এই হাটে পাইকারি ক্রেতা সিরাজগঞ্জের জনৈক রহমত আলী ৯০ হাজার টাকায় ভারত থেকে আসা দুটি উট কিনে নেন। বিক্রেতাকে মূল্য পরিশোধ করার আগেই তিনি সাধারণ ক্রেতাদের কাছে ওই দুটি উটের দাম হাঁকেন এক লাখ টাকা।
রহমত আলী বিডিনিউজকে জানান, দিনের মধ্যে কারো কাছে বিক্রি করতে পারলেই তার লাভ হবে ১০ হাজার টাকা।
সিরাজগঞ্জ থেকেই দুটি গরু নিয়ে সেখানে এসেছেন জনৈক আব্দুল জব্বার। তিনি ওই গরু দুটির দাম হাঁকেন এক লাখ ৮৫ হাজার টাকা।
গরু দুটি তার নিজস্ব খামারের দাবি করে তিনি বিডিনিউজকে বলেন, ঢাকায় আনার খরচসহ অন্যান্য চাঁদার কারণে গরু দুটির দাম একটু বেশি পড়েছে।
ওই হাটে মাঝারি আকারের একটি গরু বিক্রি করতে দেখা যায় ২৬ হাজার টাকায়। চট্টগ্রামের পাইকারি ক্রেতা আব্দুর রহমান গরুটি কিনে নেন। তিনি জানান, আরো কিছু পশুর সাথে এ গরুটিও তিনি চট্টগ্রাম নিয়ে যাবেন। পরিবহণ খরচ ও চাঁদা দিয়ে এর পেছনে ব্যয় হবে প্রায় ৩০ হাজার টাকা। পরে ৩৫ থেকে ৪০ হাজার টাকায় সেখানে বিক্রি করা হবে।
মানিকগঞ্জের সজল মিয়া দুটি ছাগল নিয়ে ঢাকায় এসেছেন মঙ্গলবার সকালে। তার নিজের পালিত ওই ছাগল দুটির দাম ১০ থেকে ১২ হাজার টাকা পড়বে বলে জানালেন। চাঁদাবাজী না থাকলে ছাগল দুটির দাম আট হাজার টাকা হতো বলে তিনি জানান।
গাবতলী হাটের ইজারাদার কর্তৃপক্ষ জানান, মানুষ এখনো বাজারে আসছে পশু দেখতে। আর পাইকাররা কিনছে তাদের ব্যবসার জন্য। সারাদিন কিনে রাতে টোল পরিশোধ করে তারা পশু অন্য হাটে বিক্রির জন্য নিচ্ছেন।
তাদের দাবি, হাটের বাইরে চাঁদাবাজি হলেও হাটে কোনো চাঁদাবাজি হচ্ছে না।
জানা যায়, সেখানে নেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশসহ কড়া নিরাপত্তার ব্যবস্থা। এছাড়া হাট জমে উঠলে প্রতিটি হাটেই মোতায়েন করা হবে র্যাব সদস্যদের।
সিটি করপোরেশন গাবতলী হাট ছাড়াও মহানগরীতে যে ১৫টি অস্থায়ী হাট বসাচ্ছে, সে হাটগুলো হচ্ছে -- আরমানিটোলা চিত্রামহল সিনেমার পাশে, খিলক্ষেত টানপাড়া, হাজারিবাগের জিগাতলা, গোলাপবাগ, রহমতগঞ্জ, ধুপখোলা, হোসনি দালান সড়ক, ব্রাদার্স ইউনিয়ন, কমলাপুর বালুরমাঠ, উত্তরা সেক্টর ১২, মেরাদিয়া বাজার, তেজগাঁও ট্রাক টার্মিনাল, আগারগাঁও তালতলা বাস টার্মিনাল, পোস্তগোলা আলম মার্কেট এবং শাহজাহানপুর সানরাইজ স্পোর্টিং ক্লাব।
অভিযোগ রয়েছে, ইতিমধ্যেই সরকার দলের সমর্থক ও প্রভাবশালীরা এসব হাটের ইজারা নিয়েছে।
