২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ

বাণিজ্য সমঝোতার প্রতি বেশি মনোযোগী না থেকে বরং অভ্যন্তরীণ সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থনীতিবিদ ও বামপন্থী রাজনীতিবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাম গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে মঙ্গলবার ‘বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং রাউন্ড : ঐক্যবদ্ধ উন্নত বিশ্ব বনাম তৃতীয় বিশ্ব এবং একঘরে বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তারা একথা বলেন।

কমরেড মনি সিংহ-ফরহাদ ট্রাষ্ট্রের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় উত্থাপিত সূচনা বক্তব্য পাঠ করেন অধ্যাপক এম এম আকাশ। আলোচনায় অংশ নেন ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. অনন্য রায়হান, রাশেদ আল মাহমুদ তীতুমীর এবং বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ।

তারা বলেন, নিজেদের অদূরদর্শীর কারণেই বাংলাদেশ হংকং রাউন্ড থেকে শূন্য হাতে ফিবেছে।

এম এম আকাশ বলেন, এক দশক আগে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) শ্লোগান তোলা হয়েছিল “সহায়তার বদলে বাণিজ্য” অথচ হংকং সম্মেলনে নতুন মোড়কে ‘বাণিজ্যের জন্য সহায়তা’ নীতি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, এসব বিষয় প্রকৃতভাবে অনুধাবন না করা পর্যন্ত ফলপ্রসু আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়।

ঋণের ব্যাপারে আরো সচেতনতার প্রয়োজন উল্লেখ করে ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, দেশের প্রকৃত বৈদেশিক ঋণের পরিমান জাতীয় আয়ের এক শতাংশ, অন্যদিকে ব্যক্তিগতভাবে দেশের দরিদ্র মানুষগুলো ক্ষুদ্র ঋণের চক্রে আবর্তিত।

বলেন, ড. মুহাম্মদ ইউনুস গামেন্টস শ্রমিকের ব্যাপারে কখনই আগ্রহ না দেখালেও মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধা জন্য ব্যবসায়ীদের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে প্রচেষ্টা নিয়েছেন উল্লেখ করে আনু মুহাম্মদ প্রশ্ন করেন তার ফলাফল কি?

তিনি আরও বলেন, মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা গোপনে ও প্রকাশ্যে অনেক দ্বিপাক্ষিক চুক্তি করেছি, কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম?

অনন্য রায়হান বলেন, হংকং সম্মেলনে দেশের বাজার সংরক্ষণের সুয়োগ থাকলেও বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের চাপে সে সুযোগ কার্যকর করতে পারছে না। বরং এদের চাপেই সরকার বাণিজ্য সমঝোতায় প্রতিনিয়তই দরকষাকষির সুযোগ হারাচ্ছে।

বাম নেতারা বলেন, অবাধ উদারীকরণের ব্যবস্থা উন্নত বিশ্ব কার্যকর করলেও অবাধ শ্রমের বাজারের ক্ষেত্রে তারা কোন ভুমিকা রাখছে না। বরং বাণিজ্য সাহায্যের নামে নতুন আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে।