২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝারি আয়ের জাতি হতে বাংলাদেশের প্রয়োজন ৭ শতাংশ প্রবৃদ্ধি

আগামী ১৫ থেকে ২০ বছরে বিশ্বে একটি মাঝারি আয়ের জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্যে বাংলাদেশের প্রয়োজন জিডিপিতে সাত শতাংশ এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে পাঁচ দশমিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিশ্ব ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা সিদ্দিক আহমেদ তার সম্পাদিত ‘মাঝারি আয়ের অথর্নীতিতে বাংলাদেশের রূপান্তর’ শীর্ষক নতুন গ্রন্থে বলেছেন, ১৯৭২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে মাথাপিছু আয় চারগুণ বেড়েছে। দারিদ্র্য কমেছে তিন ভাগের একাংশেরও বেশি। মানুষের জীবনমানের ৪০ শতাংশ উন্নতি ঘটেছে এবং প্রাথমিক শিক্ষার আওতায় এসেছে ৮০ শতাংশ।

বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত ওই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাজ্জাদ জহির, ড. আসাদুজ্জামান এবং সিটি ব্যাংকের মামুন রশিদ।

লেখক তার গ্রন্থে মাঝারি আয়ের একটি জাতিতে পরিণত হওয়ার পথে দুঃশাসন, দুর্নীতি, ধর্মীয় মৌলবাদের মতো বিষয়গুলোকে বাংলাদেশের জন্যে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

দক্ষিণ এশিয়ায় কর্মরত বিশ্ব ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লেখার একটি সংকলন।

সিপিডি’র (সেন্টার ফর পলিসি ডায়লগ) নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে বাংলাদেশ উন্নতি করছে, কিন্তু এ উন্নতির সুফল কারা ভোগ করছে?

তিনি বলেন, এ গ্রন্থে সমাজের অসমতা ও ক্রমবর্ধমান বৈষম্যের দিকটি তুলে ধরা হয়নি।

সাজ্জাদ জহির বলেন, উৎপাদন ও বিনিয়োগের দিক বিবেচনা করে এ গ্রন্থে মূল্যায়ন উপস্থাপন করা হয়েছে।

এএমএ মুহিত গ্রন্থ প্রণেতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, মানব উন্নয়ন দিক থেকেও বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। কিন্তু এ গ্রন্থে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতির দিক তুলে ধরা হয়নি।

মামুন রশিদ বলেন, সরকারের প্রশাসন বিভাগের রাজনীতিকীকরণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সকল সম্ভাবনার মৃত্যু ঘটছে।

হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারের একার পক্ষে দারিদ্র্য সমস্যার সমাধান সম্ভব নয়।

ড. ফখরুদ্দিন আহমেদ প্রশাসনের বিষয়টিকে ব্যাষ্টিক ও সমষ্টিক উভয় দিক থেকেই বিবেচনা করা উচিত বলে মত প্রকাশ করেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রশাসনিক দুর্বলতা ও দুর্বল বিনিয়োগ পরিবেশ সত্ত্বেও বেশ কিছু খাতে বাংলাদেশের অর্জন বিদেশি বিশ্লেষকদের বিস্মিত করেছে।