২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তহবিল পেতে বিলম্ব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাধার সৃষ্টি করেছে: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বুধবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যর্থতায় বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পের তহবিল ছাড় দিতে বিলম্ব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রকল্পের বাস্তবায়ন সময়মতো তহবিল প্রাপ্তি এবং মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর নির্ভর করে।

অর্থ মন্ত্রণালয়কে বিদেশিদের কাছ থেকে টাকা যোগাড় করতে কী পরিমাণ বেগ পেতে হয় তা অনুধাবনে ব্যর্থতার জন্য তিনি প্রকল্প সংশিষ্ট মন্ত্রণালয়গুলোকে দায়ী করেন।

পরিকল্পনা কমিশনের সচিব আখতার হোসেন খান এবং কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বর্তমান অর্থবছরে মোট সাত হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে বিদেশি সাহায্যপুষ্ট ১৪৪ টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিদর্শন ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্র জানায়, ২০০৫-০৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পগুলোর মাত্র ১৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গত অর্থবছরে একই সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল ২০ শতাংশ কাজ।

সাইফুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদাররা প্রায় সময়ই তহবিল অবমুক্ত করতে গিয়ে দেরি করে এবং সরকারে নিজস্ব সম্পদ থেকে বরাদ্দ দিয়ে কাজ চালানোর জন্য তারা চাপ প্রয়োগ করে থাকে।

তিনি মন্তব্য করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমাপ্ত কাজের বিল অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে চায় না। প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সর্বোত্তম সহযোগিতা নিশ্চিত করতে উদ্বুদ্ধ করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন।

এ বছরের এডিপি’র বিশালতার কথা বিবেচনা করে (রাজস্ব খাতের ৭৫০ কোটি এবং আরও ২৪ হাজার ৫০০ কোটি) বাস্তবায়ন তরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন একটি অব্যাহত প্রক্রিয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনের প্রভাবে এডিপি বাস্তবায়নে কোনও প্রভাব পড়বে না।

বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পগুলোর পর্যালোচনার জন্য ১৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।