গার্মেন্টস কারখানা তৈরিতে বিল্ডিং কোড মানা বাধ্যতামূলক করতে হবে: বিশেষজ্ঞগণ
নগরীতে আয়োজিত একটি সেমিনারে বক্তারা বলেছেন, গার্মেন্টস কারখাগুলোতে সাভারের স্পেকট্রাম দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সেজন্য সকল কারখানা ভবনকে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোডের (বিএনডিসি) আওতায় আনতে হবে।
শুক্রবার নগরীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেন (বিজিএমইএ) আয়োজিত কারখানা ভবন নির্মাণের বাস্তবতা ও চর্চা এবং জাতীয় বিল্ডিং কোড শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, বিল্ডিং কোড কার্যকর করার ব্যাপারে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রাথমিক উদ্যোগ নেওয়া উচিত। এক্ষেত্রে বিজিএমইএ তার সদস্যদের প্রতি জাতীয় বিল্ডিং কোড মানা বাধ্যতামূলক করতে পারে।
তিনি বলেন, ১৯৯৩ সালে একদল বিশেষজ্ঞ ভবন নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক বিএনডিসি গঠন করলেও সরকার আজ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।
তিনি আরও বলেন, বিজিএমইএ’র পক্ষ থেকে এটি মানা বাধ্যতামূলক করা হলে গার্মেন্টস খাতে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হবে এবং বিদেশি ক্রেতারা আরও বেশি আকৃষ্ট হবে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এম শামীম জেড বসুনিয়া। সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি কুতুবউদ্দিন আহমেদ।
