২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা শুরুর আগেই দফায় দফায় দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের, নিয়ন্ত্রণের উদ্যোগ নেই

রোজা শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকী। এর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বেড়ে চলছে। অথচ সরকারের পক্ষ থেকে বাজারের পণ্যের দাম নিয়ন্ত্রণের কার্যকর কোনো উদ্যোগ নেই। এদিকে টিসিবি’র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে দাম নিয়ন্ত্রণে সরকারের একমাত্র উদ্যোগও ব্যর্থ হতে চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বাজারের পাইকারি বিক্রেতাদের আশংকা, রমজান মাসে আরো কয়েক দফা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে পারে।

ঢাকার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, রোজায় বহুলব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের বড় ধরনের পার্থক্য দেখা যায়। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ২০ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে।

গত এক সপ্তাহে চিনি, তেল, আদা, ছোলার দাম অব্যাহত গতিতে বেড়েছে। অন্যদিকে দ্রুত পচনশীল কাচামালের মধ্যে টমেটো, করলা, চিচিংগার দাম বেড়েছে। এছাড়াও পেয়াজ, ডিম, মাছ, কাঁচা মরিচ, রসুন ও লেবুর দাম উর্ধŸমূখী।

বাজারগুলোতে দেখা যায়, সয়াবিন তেলের দাম কেজি প্রতি বেড়েছে এক টাকা। এ সপ্তাহে তীরমার্কা পাঁচ কেজি তেলের দাম ২৫৫ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে এই তেলের দাম ছিল ২৪৮ থেকে ২৫০ টাকা।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আদার দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৮০ টাকায় এবং ছোলার দাম কেজি প্রতি ১/২ টাকা বেড়ে ৩৬/৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম হালি প্রতি দুই টাক বেড়ে শুক্রবার বিক্রি হয়েছে ১৮ টাকায়।

কোন কোন বাজারে চিনির দাম কেজি প্রতি দুই টাকা বাড়লেও সব বাজারে চিনির দাম এক টাকা বেড়েছে। এ সপ্তাহে চিনির কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছে।

কাওরান বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে টমেটো কেজি প্রতি ৪০ টাকা বেড়ে দাঁড়ায় ৮০ টাকা। একই সময়ের তুলনায় করলা কেজি প্রতি ৪ টাকা বেশি দামে কেজি প্রতি ২০ টাকায় বিক্রি হয়েছে।

কাঁচা বাজারের ওমর আলী জানায়, শাকসবজির যোগানের ওপর নির্ভর করে দাম নিয়ন্ত্রন হচ্ছে। ফলে আগে থেকেই কাঁচা বাজার সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তার আশঙ্কা, রোজার শুরু হতে কাঁচা পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে।

সকল প্রকার মাছের দাম চলতি সপ্তাহে বেড়েছে। মাঝারি আকারের ইলিশ মাছের দাম গত সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংশ এখনও সরকারের নির্ধারিতমূল্যে বিক্রি হচ্ছে।