২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ক্রয় নীতিমালা আইন হচ্ছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, বর্তমান সরকারি ক্রয় নীতিমালাকে যত শিগগির সম্ভব আইনে পরিণত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি বলেন, দাতারা আমাদের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা দেখতে চায়। আমরা যদি আগামীকাল ক্রয় নীতিমালা আইন করতে পারি, তাহলে তার পরের দিনই তিন হাজার কোটি টাকা সাহায্য পাব।

তিনি আরও বলেন, রাষ্ট্রের ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা বিবেচনা করেই দাতারা সাহায্য দিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের বার্ষিক সভা এবং জাতিসংঘ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে বৃহস্পতিবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশ আগামী আট সপ্তাহের মধ্যে বেশ কিছু অর্থ সাহায্য পেতে পারে বলে তিনি জানান।

আইএমএফ ও বিশ্বব্যাংক প্রধানদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতের সংস্কার এবং অন্যান্য সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতি অর্জনে দাতারা সন্তোষ প্রকাশ করেছে।

দাতারা জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের সংস্কার কর্মসূচি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাহায্যের আবেদন জানানো হলে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি এবং আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক সহযোগিতার এ আশ্বাস দেন।

জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ সম্মেলন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহ বলেছে, দ্বিপাক্ষিক দাতা সংস্থাগুলো ২০০২ সালে যে পরিমান সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছিলো, তা দেয়নি।

তবে জি-৮ দেশসমূহ আবারো স্বল্প উন্নত দেশগুলোকে আগামী পাঁচ বছরে দ্বিগুণ সাহায্যের আশ্বাস দিয়েছে। অপেক্ষাকৃত দরিদ্র যেসব দেশ সংস্কার কার্যক্রমে ভাল করেছে, বরাদ্দকৃত সাহায্যের সিংহভাগই তাদেরকে দেওয়া হবে বলে মন্ত্রী জানান।