রপ্তানি বাধাগ্রস্ত করতে যারা অশুভ পায়তারা চালাচ্ছে প্রতিহত করুন-বাটেক্সপো ২০০৫ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন, কোটা পদ্ধতি উঠে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে যখন দেশের তৈরি পোশাক শিল্প বিভিন্ন সংকটের সম্মুখীন তখন অভ্যন্তরীণ কিছু গোষ্ঠী তাদের বিভিন্ন অশুভ উদ্যোগ দিয়ে তা আরো সংকটাপন্ন করে তুলছে।
রপ্তানি বাধাগ্রস্ত করতে যারা অশুভ পায়তারা চালাচ্ছে তাদের প্রতিহত করার জন্যে তিনি তৈরি পোশাক খাতের সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এখন উন্নয়নশীল দেশগুলোর জন্যে আগের মতো অনুকূলে নেই। এখন দক্ষতা, সামর্থ, যোগ্যতা পেশাগত নৈপূণ্য ও প্রচারণার ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্যেও অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চলছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, যারা এ কাজ করছে তারা থেমে থাকবে না, সুতরাং আমাদেরও হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই।
টেক্সটাইল ও পোশাক শিল্পের ১৬তম প্রদর্শনী বাটেক্সপো-২০০৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বাটেক্সপোকে একটি বড় জাতীয় উৎসব হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ২০০৪ সালে কোটা প্রথা বাতিল হওয়ার পর আশঙ্কা করা হচ্ছিল গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, অর্থনীতি ধাক্কা খাবে। কিন্তু এ ধকল আমরা সামলে উঠেছি। গত অর্থবছরে দেশের গার্মেন্টস শিল্প শুধু তাঁত ছাড়া সকল ক্ষেত্রে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
তিনি আরও বলেন, বন্দর সুবিধা বাড়ানো, শুল্ক রেয়াত ও ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন সহায়তা দেওয়ার ফলে এ বিপর্যয় রোধ সম্ভব হয়েছে। দেশের পোশাক বিদেশী বাজারে বিনা শুল্কে প্রবেশে সরকার ও বিজিএমইএ চেষ্টা চালাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু কাপড় সেলাই করে এ শিল্প টিকবে না।
তিনি আরও বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়তে উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি দু’দিন সাপ্তাহিক ছুটির বিষয়টিকে ‘এনার্জি সেভিং মেজার’ হিসাবে আখ্যায়িত করেন।
প্রধানমন্ত্রী জানান, রুগ্ন পোশাক কারখানাগুলোর জন্যে গঠিত কমিটির সুপারিশ পর্যালোচনা করে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে জড়িতদের উদ্দেশ্য বলেন, যুক্তরাষ্ট্রে দেশীয় পণ্যের বিনা শুল্কে প্রবেশাধিকারের জন্যে সিনেট ও কংগ্রেসে বিলটির পক্ষে লবি জোরদার করা হচ্ছে। গত অর্থবছরে ওভেন পোশাকের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং নীট পোশাকের রপ্তানি প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় কমার কারণ খুঁজে বের করে তা দূর করতে হবে।
তিনি গার্মেন্টসের বিশ্ববাজার প্রসারণের সমস্যা নিরসনে বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএ-র এক হওয়ায় আশা প্রকাশ করেন।
বিশ্বের পোশাক আমদানিকারক দেশগুলোতে বাটেক্সপোর মতো প্রদর্শনীর আয়োজনে বিজিএমইএ-র প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
