২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় টাটা কোম্পানির অযৌক্তিক আবদার, সরকারের প্রত্যাখ্যান

দেশীয় গ্যাস শেষ হয়ে গেলে বিদেশ থেকে গ্যাস আমদানি করে সরবরাহ করতে হবে-টাটা এ ধরনের শর্ত থেকে সরে না আসলে আলোচনা মাঝ পথে থেমে যেতে পারে বলে সরকার ভারতীয় কোম্পানিটিকে জানিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এ অবস্থায় টাটার আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ আলোচনা নিষ্পত্তি করে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আগামী ২ অক্টোবর থেকে সরকারের সাথে কোম্পানিটির মাসব্যাপী চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে।

সূত্রে প্রকাশ, টাটার সার কারখানার জন্য ২০ বছর এবং স্টিল মিলের জন্য ২৫ বছর মেয়াদে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস সরবরাহের গ্যারান্টি দেওয়া হবে। এর বাইরে চুক্তি অনুসারে গ্যাস সরবরাহ দিতে ব্যর্থ হলে লিকুইডিটি ড্যামেজ প্রদানের সুযোগ আছে।

কিন্তু টাটা আবদার করছে তাদের গ্যাস সরবরাহের ব্যাপারে সরকার এমন নিশ্চয়তা প্রদান করুক যাতে দেশীয় গ্যাস শেষ হয়ে গেলে টাটাকে বিদেশ থেকে গ্যাস আমদানী করে সরবরাহ করা হয়।

অক্টোবর বৈঠকে টাটার সাথে তাদের প্রত্যাশিত ফিসক্যাল সুবিধা, বড়পুকুরিয়া কয়লা খনি তাদের কাছে বিক্রি করা, গ্যাসের দাম এবং তাদের উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারণ এবং কেনার চুক্তি ইত্যাদি বিষয়ে সমঝোতার চেষ্টা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাটা বিনিয়োগ প্রশ্নে বাংলাদেশের নিকট থেকে বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদানসহ বিভিন্ন ধরনের সুবিধা চেয়েছে। আভাস পাওয়া গেছে যে, টাটা তার কোনোও কোনোও শর্ত থেকে সরে না আসলে চূড়ান্ত পর্যায়ের নেগোসিশেন ভেস্তে যেতে পারে।

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বিডিনিউজকে বলেন, আমি আশাবাদী যে নেগোসিয়েশন প্রক্রিয়া সঠিক সময়ে শেষ করা যাবে।

টাটা তার সকল শিল্প ইউনিটকে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকা ঘোষণার শর্তও দিয়েছে। একই সাথে তারা আবার নিজেদের উৎপাদিত পণ্য দেশের বাজারে বিক্রি করতে চায়। অথচ ইপিজেড ঘোষণা করা হলে ২০ শতাংশের বেশী পণ্য দেশীয় বাজারে বিক্রি করা যাবে না।

ভারতীয় কোম্পানি টাটা বিদ্যুৎ, স্টিল এবং সার কারখানার জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এর উপর নির্ভর করে প্রথম পর্যায়ের নেগোসিয়েশন শুরু হয় গত মার্চ মাসে। জুন মাসে দ্বিতীয় এবং আগস্ট মাসে তৃতীয় পর্যায়ের নেগোসিয়েশন শেষ হয়েছে।