২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ কোটি টাকা ব্যয়ে ২ লাখ টন ইউরিয়া ও ১ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে দুই লাখ মেট্রিক টন ইউরিয়া সার ও এক লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে।

সভা শেষে সাইফুর রহমান সাংবাদিকদের জানান, চলতি ২০০৫-০৬ অর্থবছরে দেশের সার ও খাদ্যের সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সরকার এ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম পর্যায়ে ১৭০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন পিল্ড ইউরিয়া ও ১৯৭ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন গ্র্যানুলার ইউরিয়া সার এবং ১১৮ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন গম আমদানি করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সভায় উপস্থিত ছিলেন।

তবে আব্দুল মান্নান ভূঁইয়াসহ বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য কাজে চলে গেলে সভার স্থায়ীত্ব হয় মাত্র ১০-১২ মিনিট। সার ও খাদ্য আমদানির সিদ্ধান্ত আলোচ্য সূচিতে থাকলেও খাদ্য মন্ত্রী ও উপমন্ত্রীর কেউ সভায় উপস্থিত ছিলেন না।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আলোচ্য সূচিতে নির্ধারিত সব বিষয়ই অনুমোদন দেওয়া হয়েছে।