স্থানীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের খোঁজে দেশের টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি
দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থানীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের খোঁজ করছে। বর্তমানে মোট ২২ হাজার ৬৯৯ টি পদ শূন্য রয়েছে।
সূত্র জানায়, স্থানীয় বিশেষজ্ঞের অভাবে এসব শিল্প প্রতিষ্ঠানকে ভারত, পাকিস্তান ও চীন থেকে চড়া মূল্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আনতে হয়। বিদেশি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে প্রতি মাসে দুই হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার বেতন প্রদান করতে হয়। দেশে বর্তমানে আট থেকে ১০ হাজার বিদেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করছে বলে সূত্র জানায়।
সরকার দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নের বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না বলে অভিযোগ করেছেন শিল্প মালিকরা।
তারা জানান, জাতীয় শিক্ষা ব্যবস্থায় টেক্সটাইল সংক্রান্ত ভোকেশনাল কোর্স সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মূল কাজ হচ্ছে স্পিনিং ও ডায়িংসহ টেক্সটাইল ইন্ডাস্ট্রির উৎপাদন ব্যবস্থার তদারকি।
সূত্র আরও জানায়, এ সপ্তাহের শুরুতে পরিকল্পনা কমিশনের এক বৈঠকে টাঙ্গাইলে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (বিআইটিটি) স্থাপনসহ সরকার এ সংক্রান্ত বেশ ক’টি প্রকল্প অনুমোদন করেছে।
বৈঠকে দেশের টেক্সটাইল ইন্সটিটিউটের সংখ্যা ছয় থেকে ১০ টিতে উন্নীত করার পরিকল্পনাও অনুমোদন লাভ করে।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, ছয়টি টেক্সটাইল ইন্সটিটিউট থেকে এ পর্যন্ত ২৬০ জন টেক্সটাইল ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছে। এ সংখ্যা চাহিদার তুলনায় খুবই কম।
প্রাইম টেক্সটাইলের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) চেয়ারম্যান এমএ আউয়াল বলেন, স্থানীয় বিশেষজ্ঞের অভাবে আমাদের টেক্সাটাইল ইন্ডাস্ট্রিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাবদ প্রতি বছর লাখ লাখ ডলার পরিশোধ করতে হয়।
তিনি বলেন, দেশের বৃহত্তর রফতানি খাত হওয়া সত্ত্বেও দেশের শিক্ষা ব্যবস্থা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সহায়ক নয়।
ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বড়, ছোট ও মাঝারি মিলিয়ে প্রায় সাত হাজার টেক্সটাইল ইউনিট রয়েছে। সবগুলোতেই জরুরি ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন।
বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক বলেন, দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের অপ্রতুলতা নিরসনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এ প্রসঙ্গে বিডিনিউজকে জানান, সরকার এ ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে এবং নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছে। একটি টেক্সটাইল টেকনোলজি বিশ্ববিদ্যালয় স্থাপনেও আমাদের পরিকল্পনা রয়েছে।
গত অর্থবছরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৩০ শতাংশের শিল্প প্রবৃদ্ধি লাভ করে রেকর্ড গড়েছে।
