২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লোবাল কমপেটিটিভ প্রতিবেদন: বাংলাদেশের অবস্থান ১১৭টির মধ্যে ১১০তম

গ্লোবাল কমপেটিটিভ প্রতিবেদন ২০০৫-০৬ এ ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম। গত বছরের তুলনায় এ বছরেও বাংলাদেশের অবস্থার কোনো উন্নতি হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ) সারা বিশ্বের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশের কার্যকর দক্ষতা অনুযায়ী বিভিন্ন দেশের অবস্থা সম্পর্কে বুধবার গ্লোবাল কমপেটিটিভ প্রতিবেদন প্রকাশ করে।

একই সময়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ডাব্লিউইএফ’র সহায়তায় বাংলাদেশের কমপেটিপিভনেস এনভায়রমেন্ট স্টাডি ২০০৫ প্রকাশ করে। দুনীর্তির সূচক নির্ণয়ে বিজনেস কমপিটিটিভ ইনডেক্স বা বিসিআই ব্যবহৃত হয়।

সিপিডি’র নির্বাহী পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এক সংবাদ সম্মেলনে ১০ কোটি টাকার অধিক মূলধন সম্পন্ন বিভিন্ন খাতের ৯৩টি বেসকারি কোম্পানির ওপর সমীক্ষার মাধ্যমে প্রণীত কমপেটিপিভনেস এনভায়রমেন্ট স্টাডি নামক প্রতিবেদন প্রকাশ করেন।

সিপিডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার গবেষণা পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ড. উত্তম দেব ও ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমীক্ষায় অনুযায়ী আগের তুলনায় সরকারের সিদ্ধান্তহীনতা ও সরকারের ভেতরে অস্থিতিশীলতা বেড়েছে। উদ্যোক্তাদের মতে, আগের চেয়ে অনেক বেশি অবনতি ঘটেছে দেশের বিভিন্ন অবকাঠামোগত খাতে।

তিনি বলেন, সমীক্ষায় দেখা যায়, বৈদেশিক বিনিয়োগে সরকারি আইন ও বিধির বাধা অপসারণে সবচেয়ে উন্নতি ঘটেছে।

তিনি আশংকা প্রকাশ করেন, দেশের ক্রেডিট রেটিং ও সরকারের অপব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানের সূচকের খানিকটা উন্নতি হয়েছে।

দেবপ্রিয় ভট্টচার্য বলেন, সরকারের মত বেসরকারি খাতেও জবাবদিহিতা অত্যন্ত কম। পাশপাশি কোনো কোনো কোম্পানিকে সরকার বিশেষ পক্ষপাতিত্বমূলক কর আরোপ বা এসআরও’র মাধ্যমে একচেটিয়া সুযোগ দিয়ে থাকে।

সমীক্ষায় দেখা যায়, তবে বার্ষিক কর প্রদান, পুলিশ সেবা ও ঘুষ প্রদানে সামান্য পরিমান উন্নতি। উদ্যোক্তাদের মতে, কৃষিখাতে সরকারের বিরুপ নীতিও প্রতিফলিত হয়েছে। ফলে কৃষিখাতের অবস্থার অবনতি ঘটেছে।

গ্লোবাল কমপেটিটিভ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরে শুধুমাত্র প্যারাগুয়ে অবস্থানগত দিক থেকে বাংলাদেশের নীচে অবস্থান করছে। যদিও গ্লোবাল কমপেটিটিভ সূচক অনুযায়ী, বাংলাদেশ গত বছরের তুলনায় দশমিক সাত শতাংশ অগ্রগতি অর্জন করেছে।

এতে আরো দেখা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে এ বছরে সবচেয়ে ভাল অবস্থানে এসেছে পাকিস্তান। পাকিস্তান ৯১তম থেকে এ বছরে ৮৩ তম অবস্থান উঠে এসেছে। ভারত ৫৫তম থেকে এ বছরে ৫০তম অবস্থানে এসেছে।

অন্যদিকে একই সময় সবচেয়ে দ্রুত অবস্থানগত দিক থেকে নেমে গেছে শ্রীলংকা। শ্রীলংকা আভ্যন্তরীন অস্থিরতার কারণে ৭৩তম অবস্থান থেকে নেমে দাঁড়িয়েছে ৯৮তম। চীন দুধাপ হ্রাস পেয়ে অবস্থান করছে ভারতের উপরে।