২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে করপোরেট সেক্টর ও গণমাধ্যমের দূরত্ব দূর করা প্রয়োজন

অধিকতর সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যম ও করপোরেট ওয়ার্ল্ডের যোগাযোগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো খুঁজে বের করে তা দূর করার আশু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জাতীয় সংবাদপত্রের সম্পাদক, তৈরি পোষাক, চামড়া এবং ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ এ কথা বলেছেন।

তারা বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই গণমাধ্যমের সাথে করপোরেট সেক্টরের জোটবন্ধন মানবাধিকার নিশ্চিত করবে এবং করপোরেট সেক্টরে সুশাসন প্রতিষ্ঠায় যথেষ্ট সহায়ক হবে।

দি ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, দেশে এখনও পুঁজিবাদ কিংবা স্বাধীন গণমাধ্যম কোনটাই বিকাশ লাভ করেনি। তাঁর ভাষায় সুশাসন বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন।

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলা সংবাদপত্রগুলো ব্যবসা-বাণিজ্যের সংবাদ প্রচারের ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। কাজেই তাদের এ বিষয়ে নজর দেয়া প্রয়োজন।

বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, দেশীয় পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য স্বদ্যোগী হয়েই বেশকিছু নিয়ম-নীতি মেনে চলছে। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চলার জন্য ক্রেতাদের পক্ষ থেকে চাপ বাড়ছে। কিন্তু এতকিছুর পরও

ক্রেতাদের চাহিদা স্বল্পমূল্যের পণ্য।

তিনি বলেন জাতীয় অর্থনীতি, রাজনৈতিক পরিবেশ এবং সরকারি নীতির ওপর শ্রম-স্ট্যান্ডার্ড অনেকখানি নির্ভর করে। তার মতে, বাণিজ্য বিশ্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে পত্রিকায় অনেক সময় দায়িত্বহীন সংবাদ প্রকাশিত হচ্ছে। এ সীমাবদ্ধতা দূর করতে তাই গণমাধ্যম ও করপোরেট সেক্টরের মাঝে নিবিড় যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।

এসিআই লিঃ এর চেয়ারম্যান আনিস-উদ-দৌলা বলেন, ব্যবসা-বাণিজ্যের সাম্প্রতিক ধারা সঠিকভাবে বুঝতে হলে সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আমাদের দেশে খুব নিয়ম মাফিকভাবে যেহেতু করপোরেট সেক্টর গড়ে ওঠেনি কাজেই আমাদের এখনও বেশ কিছু পথ অতিক্রম করতে হবে।

বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বলেন, ব্যবসা-বাণিজ্যের সংবাদের জন্য গণমাধ্যমের আরও বেশি স্পেস বরাদ্দ করা প্রয়োজন।

“মানুষের জন্য” এর সহায়তায় ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই) “করপোরেট গভরনেন্স : ব্রিজিং করপোরেট সেক্টর এন্ড মিডিয়া” শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সম্পাদক বজলুর রহমান, দৈনিক আমার দেশ এর নগর সম্পাদক শওকত মাহমুদ, ফরচুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম আবু তাহের, কিড লেদার ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এস. নুরুদ্দীন এবং নোভারটিস (বাংলাদেশ) লিঃ এর

করপোরেট এ্যাফেয়ার্স ম্যানেজার রাসনা হাসান।