দেশের শীর্ষ ব্যাংকগুলোর ২২ কর্মকর্তার কলকাতায় সেমিনারে অংশগ্রহণ
বাংলাদেশের শীর্ষ ব্যাংকগুলোর ২২জন কর্মকর্তা ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারি এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্প (এসএমই) পরিচালনা শীর্ষক সেমিনারে অংশ নিচ্ছেন।
বাণিজ্য, ট্রেজারি, এসএমই ও ক্ষুদ্র ঋণের মত বিষয়গুলোতে অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এসইডিএফ) এবং আইসিআইসিআই ব্যাংক (বাংলাদেশ) তিনদিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আইসিআইসিআই ব্যাংকের (বাংলাদেশ) প্রতিনিধি ইউসুফ এস সাদাত বলেন, বাংলাদেশ-ভারত বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জের অধিকাংশই এ অঞ্চলে কিছুটা নতুন এবং সে কারণেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
তাঁর ভাষায় ৫৬২ টি অভ্যন্তরীন শাখা, ১৯১০টি এটিএম, ১ কোটি গ্রাহক এবং ৩৩ বিলিয়ন ইউএস ডলার সমমূল্যের মূলধন নিয়ে আইসিআইসিআই ভারতে ব্যতিক্রমী গ্রাহক সেবা প্রদান করে চলেছে।
সাদাত বলেন, ভারতে বাণিজ্য ও এসএমই খাতে আমাদের দাতা ও অভিজ্ঞতার বিনিময় বাংলাদেশে আমাদের বাণিজ্য সহযোগীদেরকে যথেষ্ঠ সহায়তা প্রদান করবে বলে আমরা আশাবাদী।
এসইডিএফ এর অর্থ-বাজার বিশেষজ্ঞ রিহান রশীদ বলেন, এসএমইসমূহের জন্যে অথনৈতিক সুযোগ বাড়াতে এসইডিএফ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এসইডিএফ এবং আইসিআইসিআই যে সকল যৌথ উদ্যোগ গ্রহণ করেছে তা নতুন পণ্যের প্রবেশ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোক্তাদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরো অধিক দক্ষতা অর্জন করবে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারি, এসএমই ও ক্ষুদ্র ঋণের মত জটিল বিষয়গুলো সম্পর্কে ব্যাংকারদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসইডিএফ ও আইসিআইসিআই যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এ সেমিনারে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।
ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) সহায়তায় বহুপাক্ষিক সংস্থা এসইডিএফ শিল্প ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।
