২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগেই খাদ্যে ভেজালবিরোধী নতুন আইন বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার হচ্ছে

রমজানের আগেই খাদ্যে ভেজালবিরোধী নতুন আইন বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরের কর্মকতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রী বলেন, নতুন আইনের গ্যাজেট প্রকাশিত হওয়ার পর রমজানের আগেই সারা দেশে বিশেষ ও সুনির্দিষ্ট আদালত এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, সিটি করপোরেশন এবং পৌর এলাকায় তাদের নিযুক্ত স্যানিটেশন ইন্সপেক্টরকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হবে। এছাড়া জেলা পর্যায়ে দু’জন ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত দ্বায়িত্ব দেওয়া হবে। জেলা ও পৌরসভার বাইরে থানা স্বাস্থ্য কর্মকতার অধীনে স্যানিটেশন ইন্সপেক্টরকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে একটি উপ কমিটিও গঠন করা হয়।

বিভাগীয় পর্যায়ে উন্নতমানের টেস্টিং ল্যাবরেটরি এবং জেলা পর্যায়ে মাঝারি মানের ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। দ্রুত ভেজাল নির্ণয়ের জন্যে উপকরণ (টেস্টিং কিট) আমদানির বিষয়েও আলোচনা হয়।

সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

জাতীয় সংসদে ১৯ সেপ্টেম্বর ১৯৫৯ সালের আইন সংশোধন করে বাংলাদেশ পিউর ফুড (সংশোধিত) অ্যাক্ট, ২০০৫ নতুন এ আইন পাশ করা হয়। বর্তমানে শুধু সিটি করপোরেশন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় মে মাস থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়। এসময় জরিমানা ধার্য করা হয় ১ কোটি ৩২ লাখ টাকা এবং আদায় হয় ১ কোটি ২২ লাখ টাকা। পাশাপাশি ১৩৬জন অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়।

জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিলের প্রথম সভা

এদিকে নতুন সংশোধনী আইনের ৪-এ অনুযায়ী মঙ্গলবার জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ১৬ সদস্যবিশিষ্ট এ কাউন্সিল সম্প্রতি গঠিত হয়।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, সংস্থাপন সচিব, বন ও পরিবেশ সচিব, কৃষিমন্ত্রী অতিরিক্ত সচিব, স্থানীয় সরকারের যুগ্মসচিব বিএসটিআইএর মহাপরিচালক এবং বিশেষজ্ঞ।

সভায় দেশের খাদ্যের জাতীয় ও কোডেক্স স্ট্যান্ডার্ড এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কৌশল আলোচিত হয়। বিএসটিআই-এর আওতাবর্হিভূত খাদ্যের ভেজাল প্রতিরোধে দেশের বিভিন্ন টেস্টিং ইনস্টিটিউটকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার বিষয়ে অলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন ইনস্টিটিউটকে খাদ্য মান নিয়ন্ত্রণে দ্বায়িত্ব ভাগ করে দেওয়ার সিদ্বান্ত হয়।

সভায় বিএসটিআই পরিচালক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর জন্যে প্রয়োজনীয় আটজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হচ্ছে না। পরে সংস্থাপন সচিব দ্রুত আটজন ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন।