২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে ঢাকায় বিমসটেক বাণিজ্য বিশেষজ্ঞদের বৈঠক

রুলস অব অরিজিন ও সেনসেটিভ লিস্টের মাতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতপার্থক্য দূর করতে বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক)’র বাণিজ্য বিশেষজ্ঞরা আগামী অক্টোবরে ঢাকায় বৈঠকে বসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফজলুর রহমান বলেন, অক্টোবরের ১০ থেকে ১৫ তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সেপ্টেম্বরের ১২ থেকে ১৬ তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেড নেগোশিয়েটিং কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের একজন নেগোশিয়েটর জানান, রুলস অব অরিজিন ও সেনসেটিভ লিষ্টের মাতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সদস্য রাষ্ট্রগুলো এখনও ঐকমত্যে পৌঁছতে পারে নি।

তিনি বলেন, সেনসেটিভ লিস্ট নিয়ে থাইল্যাণ্ডের জমা দেওয়া একটি প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হলেও সদস্য দেশগুলো ওই প্রস্তাবের সাথে একমত হতে পারে নি।

ট্যারিফ কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, আলোচনার সময়সীমার কথা বিবেচনা করে ঢাকা বৈঠক হবে অত্যন্ত গুরুত্বর্পূণ।

বৈঠকে মৎস্য, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানী, পরিবহণ ও যোগাযোগ এবং পর্যটনসহ অন্যান্য খাত নিয়েও আলোচনা করা হবে।

সূত্র জানায়, থাইল্যান্ড, ভারত এবং শ্রীলংকার মতো উন্নয়নশীল দেশগুলো কাস্টমস ট্যারিফে পরিবর্তন আনার প্রস্তাব করেছে। এই পরিবর্তনের সাথে ভারত ও শ্রীলংকা ৩৫ থেকে ৪০ শতাংশ মূল্য সংযোজনেরও প্রস্তাব করে। কিন্তু বাংলাদেশ, মায়ানমার, নেপাল ও ভুটানের মতো অনুন্নত দেশগুলো শুধুমাত্র মুল্য সংযোজনের ভিত্তিতে রুলস অব অরিজিন প্রক্রিয়া নির্ধারণে আগ্রহ প্রকাশ করে।

তবে বাংলাদেশের বাণিজ্য বিশেজ্ঞরা ঢাকায় অনুষ্ঠিতব্য আগামী বৈঠকে রুলস অব অরিজিন ইস্যু নিয়ে একটি সমাধানে পৌঁছা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ ১ হাজার ৩ শ’ ২৬ টি পণ্যের সেনসেটিভ লিষ্ট জমা দিয়েছে। এর আগে ১৯৯৭ সালে সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক-অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিমসটেক গঠিত হয়।