ওভেন রপ্তানি হ্রাস, জরুরি পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহ্বান
দেশের তাঁতশিল্প খাত রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ঢাকায় ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ পোশাক ও টেক্সটাইল প্রদর্শনী (বাটেক্সপো) ২০০৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আনিসুল হক এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাটেক্সপো প্রদর্শনী উদ্বোধন করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ পরিচালকবৃন্দ এবং বাটেক্সপো ২০০৫ এর আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁতশিল্প রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, তাঁতবস্ত্র রপ্তানি ব্যাপক হারে কমে গেছে, দয়া করে এ ব্যাপারে নজর দিন।
তিনি বলেন, দেশের মোট রপ্তানির পরিমান বিশেষ করে নিটওয়্যার পণ্যের রপ্তানি বাড়তে থাকলেও এ খাতে পণ্য রপ্তানি দ্রুত কমে যাচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে তাঁতবস্ত্র রপ্তানি ইউরোপে ১৯ দশমিক ৬১ শতাংশ এবং কানাডায় ১৫ দশমিক ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে।
তিনি বলেন, তাঁতবস্ত্র রপ্তানিতে এই হ্রাস উদ্বেগজনক হারে বাড়ছে। কেবল জুলাইতেই ইউরোপে রপ্তানি কমেছে ২২ দশমিক ৬৩ শতাংশ।
বাংলাদেশের তাঁত রপ্তানি কমে যাওয়ার ক্ষেত্রে তিনি চীনের ওপর বিশ্ব বাণিজ্য সংস্থার প্রটেকশন ক্লজ’র বাধ্যবাধকতা সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের অনীহা, দুর্বল অবকাঠামো, জটিলতা এবং সম্প্রতি দু’দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণাকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার ব্যাপারে তিনি বলেন, মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার ব্যাপারে আমারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এ বিলটি পাস হওয়ার ব্যাপারে আমরা সরকারের জোরদার রাজনৈতিক সমর্থন চাচ্ছি।
আনিসুল হক সার্ক ও আঞ্চলিক কিউমুলেশন অনুমোদন, কেন্দ্রীয় বন্ডেড ওয়ারহাউজ প্রতিষ্ঠা এবং আমদানির জন্য বেনাপোল বন্দর খুলে দেওয়ারও আহ্বান জানান।
এবারের বাটেক্সপো প্রদর্শনীতে ৬৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে স্টল থাকবে ৮২টি। কোটা পরবর্তী প্রথম এ প্রদর্শনীতে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও জাপানের শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।
বাটেক্সপো ২০০৫ এর প্রধান সমন্বয়ক শহিদুল হক মুকুল সাংবাদিকদের বলেন, ক্রেতাদের সহযোগিতার জন্য জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এবং মেলা প্রাঙ্গণে থাকবে ক্রেতা সংবর্ধনা সেল।
