২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছরের মধ্যে বাংলাদেশ মাঝারি আয়ের দেশে পরিণত হবে : সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ মাঝারি আয়ের দেশে পরিণত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৃহত্তর ওয়াশিংটনে বসবাসরত বাংলাদেশী পেশাজীবীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একই দিনে তিনি ২০০৫ সালের ব্যাংক তহবিলের বার্ষিক সভায় যোগদান নিয়ে ব্যস্ত সময় কাটান।

প্রবাসীদের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আর্থিক ও মনিটারি নীতিসহ সুবিবেচিত অর্থনৈতিক ব্যবস্থাপনা সমষ্টিক অর্থনীতির বিকাশে অবদান রাখছে। বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে উচ্চ পর্যায়ের অর্জন করতে পারে।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং মানব সম্পদ খাতে বাংলাদেশের অর্জন অনেক উন্নয়নশীল দেশের চেয়ে ভালো।

প্রতি বছরই বিদেশী সহায়তার ওপর নির্ভরতা কমছে এবং বর্তমানে মোট জিডিপিতে বিদেশী সহায়তার পরিমাণ দুই শতাংশ।

তিনি প্রবাসীদের প্রতি বিদেশে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী বোর্ড অব গভর্ণরস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালকের যৌথ আয়োজনে একটি সংবর্ধনায় যোগ দেন। সোমবার ব্যাংক তহবিল সভার পেনারি অধিবেশনে তার বক্তৃতা দেয়ার কথা।