‘চিনির মূল্যবৃদ্ধির জন্য দায়ী বেসরকারি আমদানিকারকরা’
সরকার চিনি আমদানির ভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর চিনির দাম বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন চিনিকলের শ্রমিকরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারি ফেডারেশনের সভাপতি মো. নিজাম-উল-করিম বলেন, চিনি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি এবং চিনির দাম বৃদ্ধির প্রধান কারণ বেসরকারি আমদানিকারকদের অপর্যাপ্ত মার্কেটিং, মজুত ও অধিক মুনাফার আকাংখা।
শ্রমিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড ঘোষণা এবং রাষ্ট্রায়াত্ত ১৭টি চিনিকলের শ্রমিক-কর্মচারিদের বিরুদ্ধে প্রায় ২০০ মিলিয়ন টাকার অডিট অভিযোগ প্রত্যাহারসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিমাজ-উল-করিম বলেন, এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিএসএফআইসি) অনুমোদিত ডিলারদের মাধ্যমে চিনি আমদানি করে তা সারা দেশে বিতরণ করত। সেসময় আমরা প্রতি কেজি চিনির দাম রাখত ২৭ থেকে ২৮ টাকা। কিন্তু বর্তমানে চিনির বাজার মূল্য প্রতি কেজি ৪০ টাকা।
তাছাড়া সরকার ২০০২ সালে চিনি আমদানি ও বিতরণের ভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ায় চিনির দাম বাড়তে থাকে বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় চিনি কলগুলোর উৎপাদন ক্ষমতা বছরে ১,৬০,০০ টন। এটি চিনির বার্ষিক চাহিদার আট শতাংশ। তবে আখের নিম্নমানের কারণে এবং ঝোলা গুড়ের কারণে চিনিকলগুলোর পূর্ণাঙ্গ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করা যাচ্ছে না।
তিনি জানান, গত অর্থবছরে ১,০৬,০০০ টন চিনি উৎপাদন করা হয়েছে।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) একজন কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ফেডারেশনের অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অযৌক্তিক।
শ্রমিক-কর্মচারি ফেডারেশনের সভাপতি বলেন, ২৭ সেপ্টেম্বরের পর থেকে তারা শ্রমিক ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিবেন।
