২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নীতির অভাবে পাট শিল্পের সম্ভাবনা ব্যাহত হতে পারে : সেমিনার

সুষ্ঠু নীতির অভাবে দেশের পাট শিল্প ধ্বংসের সম্মুখীন হতে পারে, যদিও এ খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি সবল করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

‘বাংলাদেশের পাটখাতের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে শনিবার বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) সাবেক পরিচালক খালেদ রব বলেন, পাট ও পাটজাত পন্য রপ্তানি বর্তমানে প্রায় দুই লাখ টন থেকে সাড়ে তিন লাখ টন বাড়ানো সম্ভব।

তিনি বলেন, এ খাতের প্রতি সঠিকভাবে মনোযোগ দেয়া হলে আরো পাঁচ বিলিয়ন টাকার অতিরিক্ত রপ্তানি সম্ভব।

বিশ্ব ব্যাংক নির্দেশিত নীতি ও পরামর্শ অনুযায়ী সরকার এ খাতের শিল্প বন্ধ ও বিরাষ্ট্রীয়করণ সংক্রান্ত যে নীতি কার্যকর করছে, তাতে এই খাতের টিকে থাকার সংকট চলছে।

তিনি উল্লেখ করেন, এই শিল্পের ভারসাম্য, আধুনিকীকরণ ও পরিবর্তন (বিএমআর) এর মাধ্যমে পাট খাত অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে বিজেএমসি’র আওতায় মাত্র ১১ হাজার ৩১৮টি লুম এবং বিটিএমএ’র আওতায় মাত্র ৩৭ হাজার লুম চালু আছে। এখনও যে অলস লুমগুলো পড়ে আছে,তা কার্যকর করা হলে পাট রপ্তানির পরিমান বেড়ে যেতে পারে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)র উদ্যোগে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপত্বি করেন সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান।

ওয়াকার্স পাটি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিজেএমসি চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল বারাকাত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন খান সেমিনারে বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, কার্যকর বিপনন পদ্ধতির অভাবে এ শিল্প বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

সম্প্রতিক বছরগুলোতে ভারতের পাট শিল্পের উত্থানের কথা উল্লেখ করে আবুল বারাকাত অভিযোগ করেন, বিশ্ব ব্যাংক ও সরকার ভারতের পাট শিল্পের পৃষ্ঠপোষকতা করছে।