২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পোন্নত দেশগুলোর দাবি সমর্থনের জন্য উন্নয়ন অংশীদারদের প্রতি সিভিল সোসাইটির আহ্বান

দেশে সিভিল সোসাইটির সদস্যরা ও ব্যবসায়ি নেতারা আগামী ডিসেম্বরে হংকং এ অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর দাবি সমর্থনের জন্য দ্বিপাক্ষিক উন্নয়ন সংস্থা প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

উন্নয়ন সহযোগীদের উদ্দেশ্য করে নেতৃবৃন্দ বলেন, হংকং বৈঠকে কৃষি খাতে কার্যকর বাজার প্রাপ্তি, স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদিত অকৃষিজ পণ্য ও সেবাসহ স্বল্পোন্নত দেশগুলোর দাবি সমর্থন করার জন্য তারা নিজ নিজ দেশের সরকারকে যেন অনুরোধ করেন।

ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৃহস্পতিবার ব্রাক ইন এ অনুষ্ঠিত বৈঠকে সিভিল সোসাইটির সদস্য ও ব্যবসায়ি নেতারা এ আবেদন জানান। বাণিজ্য কেন্দ্রিক সক্ষমতা, প্রযুক্তি হস্তান্তর ও বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ বিষয় বৈঠকে আলোচিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কানাডা, ফ্রান্স, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইইউ, নেদারল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, সুইডিশ দূতাবাস এবং সুইজারল্যান্ড এর কূটনীতিকরা।

স্বল্পোন্নত দেশগুলোর আসন্ন প্রাক হংকং আন্তর্জাতিক সিভিল সোসাইটি ফোরাম এর সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ এই বৈঠকের আয়োজন করে।

জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য (এনএসি) সিপিডি নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, বিজিএমইএ সহসভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বিইআই সভাপতি ফারুক সোবহান এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রতিণিধিরা।

বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড বৈঠকের আগে সিপিডি স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সিভিল সোসাইটি গঠনের উদ্যোগ নেয়।

ফোরামের উদ্যোগে আগামী ৩-৫ অক্টোবরে ঢাকায় হংকং এ মন্ত্রী পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষা নিয়ে আলোচনা হবে।

২৫টি দেশের প্রায় ৪৫টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।