২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার স্ক্যান প্রযুক্তি স্থাপনে এমজিএইচ ও স্মিথ হেইম্যানের প্রস্তাব

‘চট্টগ্রাম বন্দর সহায়তা প্রকল্প’র আওতায় বন্দরে বিওটি (স্থাপন, কার্যক্রম, স্থানান্তর) ভিত্তিক কন্টেইনার স্ক্যানিং প্রযুক্তি স্থাপনের প্রস্তাব দিয়েছে স্মিথ হেইম্যান এবং এমজিএইচ গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

জার্মান স্ক্যানিং যন্ত্রপাতি প্রস্তুতকারক স্মিথ হেইম্যানের সভাপতি হ্যান্স লিঙ্কেনব্যাচ, এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ, সিঙ্গাপুরের স্মিথ ডিটেকশন’র সভাপতি ম্যাল ম্যাগিনিস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের কাছে এ প্রস্তাব দেন।

এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ সাংবাদিকদের বলেন, বন্দরে স্ক্যানিং প্রযুক্তি স্থাপনে আমাদের বিনিয়োগ করার সামর্থ্য থাকা সত্বেও দেশের ঋণের বোঝা বাড়িয়ে চলা সরকারের ঠিক হবে না।

তিনি বলেন, এ সংক্রান্ত সরঞ্জাম স্থাপনের জন্য ১৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন। বিদেশী সহায়তা ছাড়াই এটা করা হবে। তাছাড়া সরকারি সংস্থার তুলনায় বেসরকারি অপারেটররা আরও কার্যকরভাবে বন্দর পরিচালনা করবে।

এর আগে সরকার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার স্ক্যানিং প্রযুক্তি স্থাপনসহ বন্দরের অন্যান্য সুবিধা বাড়ানোর জন্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে কারিগরি সহায়তা চেয়েছিল।

সরকারি সংস্থার মাধ্যমে ৩০ মিলিয়ন ডলারের এ প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করা হবে বলে আশা করা যাচ্ছে।

বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, এটি একটি চমৎকার ধারণা। বেসরকারি খাত থেকে যদি বিওটি’র প্রস্তাব আসে তাহলে কেন আমরা ঋণ নেব।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও দুই নম্বর টার্মিনাল সম্পর্কিত প্রস্তাবিত এ যৌথ উদ্যোগ সরকারের রাজস্ব আয় বাড়াবে।

মাহমুদুর রহমান বলেন, তবে এ প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নৌ পরিবহন মন্ত্রণালয়।

এমজিএইচ গ্রুপের মহাব্যবস্থাপক আবদুর রহিম জানান, প্রকল্পের সুবিধাসমূহ উল্লেখ করে তিন সপ্তাহের মধ্যে বিনিয়োগ বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব তুলে ধরা হবে।