২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ অক্টোবর থেকে বিমানকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে বিপিসি

বকেয়া বিল পরিশোধ না করায় ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জেট ফুয়েল দেওয়া বন্ধ করে দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

নিজস্ব প্রতিবেদক

সমীর বড়ুয়া,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান শেখ খুরশিদ আলম ৪ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিমান যদি তাদের বকেয়া বিল পরিশোধ না করে তাহলে ১ অক্টোবর থেকে তাদেরকে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে বিমান প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হয়েছে।

তবে বকেয়া বিলের পরিমান নিয়ে বিমান ও বিপিসি’র মধ্যে মতপার্থক্য রয়েছে। বিমান বলছে, বিপিসি যে বকেয়া বিল দাবি করছে তা সঠিক নয়, বকেয়া বিল ২৫০ কোটি টাকার বেশি হবে না।

বিমানের কাছে পাঠানো ওই চিঠিতে বেঁধে দেওয়া সময়ের পর থেকে নিজের চেষ্টায় জেট ফুয়েলের ব্যবস্থা করার জন্যও বিমানকে পরামর্শ দেন বিপিসি’র চেয়ারম্যান।

বিপিসিও গত বছরের মাঝামাঝি একই ধরনের একটি চিঠি দেয় যার ফলে ২০০৪ সালের ৭ জুন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।

বিপিসি’র এক কর্মকর্তা জানান, ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিমান বিপিসি’র কাছ থেকে নগদ টাকায় জেট ফুয়েল কিনতে শুরু করে এবং প্রতি মাসে বকেয়া বিল থেকে প্রতি মাসে পাঁচ কোটি টাকা পরিশোধ করতে শুরু করে।

কর্মকর্তা আরও জানান, এর পর থেকে বকেয়া বিলের পরিমান কমে এসেছিলো কিন্তু এভাবে ছয়মাস অত্রিক্রান্ত হবার পর বিমান হঠাৎ করে বিপিসি’র কাছ থেকে বাকিতে ফুয়েল কেনা শুরু করে। এ কারণে বিমানের বকেয়া বিলের পরিমান আবার বাড়তে থাকে এবং ৩১ আগস্ট নাগাদ তা আবার প্রায় ৫০০ কোটিতে দাঁড়ায়।

এদিকে, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং মার্কেটিং ও সেলস এর পরিচালক মাহমুদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, বিপিসি যে পরিমান বকেয়া বিল দাবি করছে তা ঠিক নয় এবং এ বিষয়টি আবার পর্যালোচনা করে দেখা দরকার।

তিনি বলেন, বকেয়া বিলের ৫০ কোটি টাকা পরিশোধের পাশাপাশি বিমান গত চার বছরে বিপিসি’কে ৬০০ কোটি টাকা দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা নিয়মিত বিল পরিশোধ করে আসছি। কিন্তু সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। বাজেটে যে হারে বরাদ্দ দেওয়া হয়েছে বিপিসি’র কাছ থেকে তার চেয়ে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। এ কারণেই বকেয়া বিল বেড়ে গেছে বলে তিনি জানান।

এ সংকট নিরসনে শিগগিরই বিপিসি’র সাথে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের একটি বৈঠক হবে বলে তিনি জানান।

চট্টগ্রামে ২৫ আগস্ট বিপিসি’র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বেঁধে দেওয়া সময়ের পর বিমানকে জেট ফুয়েল সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

বিপিসি সূত্র জানায়, বিমান ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিপিসি’র পাওনা প্রায় ১২২ কোটি টাকা। এছাড়াও জ্বালানি বিক্রয় কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার কাছে বাংলাদেশ পেট্রেলিয়াম কর্পোশেনের ৯০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে।

বিপিসি প্রতি বছর প্রায় আড়াই লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে। আমদানি করা এ জেট ফুয়েলের ১ দশমিক ৭ লাখ মেট্রিক টন বিমানের কাছে এবং বাকিটা অন্যান্য অভ্যন্তরীন ও আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সরবরাহ করে বিপিসি।

বিপিসি বকেয়া বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় গত এক বছরে দুই বার বিমানকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল।