বার্ড ফ্লু সম্পর্কে সতর্ক থাকার আহ্বান
দেশে বার্ড ফ্লু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে স্থানীয় পোল্ট্রি শিল্প এবং মানুষের জীবন হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার নগরীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার বার্ড ফ্লু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নিলে পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে।
নিউ ইংল্যান্ড জার্নালের উল্লেখ করে তিনি বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে বর্তমানে সবচেয়ে মারাত্মক ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা ডেঙ্গুর চেয়েও অনেক ভয়াবহ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে বার্ড ফ্লু প্রতিরোধ নাগরিক কমিটি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কাজী কামরুজ্জামান।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ইতিমধ্যেই এই ভাইরাস ভারতে ছড়িয়ে পড়েছে। এ মুহূর্তে ভারত থেকে মুরগী আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তা আমাদের দেশেও ছড়িয়ে পড়বে।
বৈঠকে অন্যান্যের মধ্যে অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক এবিএম ফারুক এবং পোল্ট্রি এসোসিয়েশনের কাজী জাহিন হাসান বক্তৃতা করেন।
