ঢাকায় প্রস্তাবিত ইস্টার্ণ বাইপাস পরিকল্পনায় পরিবেশ ও সামাজিক প্রভাব উপেক্ষিত
প্রস্তাবিত ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ইস্টার্ণ বাইপাস সড়ক নির্মাণ বহুমূখী প্রকল্প পরিকল্পনায়, বিশেষত প্রাক সমীক্ষায় পরিবেশ ও সামাজিক প্রভাবের বিষয়টি সঠিকভাবে বিবেচনায় আনা হয়নি। যদিও নতুন সমীক্ষায় পরিবেশ ও সামাজিক প্রভাব বিশ্লেষনের বিষয়টি যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডাব্লিউডিবি) ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হালকোর আয়োজনে বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে মত বিনিময়কালে প্রাক সমীক্ষায় পরিবেশ ও সামাজিক প্রভাব সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।
অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদা বলেন, পরিবেশগত সমস্যা থেকে ঢাকাকে রক্ষা করা উচিত। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে সর্তক হওয়া উচিত।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, প্রাক সমীক্ষা দলের প্রধান ভি আর বাগহিরাথন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এসএম জহিরুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ড মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালের বন্যার পর এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে নির্ধারণ করা হয়।
তিনি বলেন, বিশ্ব ব্যাংক, এশীয় উন্ন্য়ন ব্যাংক (এডিবি) ও জাইকা ইতোমধ্যে এ প্রকল্পের প্রাক সমীক্ষা সম্পাদন করেছে।
ভি আর বাগহিরাথন বলেন, সবার সঙ্গে পরামর্শ ও সম^ন্বয়ের মধ্যদিয়েই সমীক্ষা সম্পাদন করতে চাই। এজন্য মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পের পরিবেশ ও সামাজিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমান সমীক্ষায় যুক্ত করা হয়েছে।
অন্যদিকে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আজকের অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের অনুপস্থিতি প্রমান করে, বর্তমান সমীক্ষায় এখনো পরিবেশ ও সমাজিক প্রভাবকে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয়নি।
তিনি বলেন, ঢাকার ভেতরের পানি বের হওয়ার জন্য যে জলাভূমি ও নিম্নভূমি রয়েছে, তা সংরক্ষনে সরকার এখনো কার্যকর ভূমিকা নেয়নি।
তিনি প্রশ্ন করেন, কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে এতো তাড়াহুড়ো কেন ? বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমীক্ষার প্রয়োজনে সমন্বয় নেই।
এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নগর গবেষনা কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর আওতাধীন সুশাসনের জন্য কমিটির আগামী বৈঠকে এ তথ্য উপস্থাপিত হবে।
রাজধানী উন্নয়ন কতৃপক্ষের প্রকল্প পরিচালক নাইমা খাতুন বলেন, বর্তমানে রাজউক পরিকল্পনার জন্য জরিপ কার্যক্রম চালাচ্ছে। আগামী বছরের জুলাই মাস নাগাদ বিস্তারিত পরিকল্পনা সম্পন্ন হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর প্রতিনিধি ইকবাল কবির বলেন, শহর থেকে পানি নিষ্কাশন পয়েন্ট ও বন্যা কবলিত অঞ্চল দ্রুত নির্ধারণ করা দরকার। অথচ রাজউকই তার পরিকল্পনা ভঙ্গ করছে।
তিনি বলেন, প্রাক সমীক্ষা প্রতিবেদন সম্পন্ন হবে আগামী বছরে জানুয়ারি মাসে। অথচ রাজউক এর সমীক্ষা শেষ হবে জুলাই মাসে। যখন এত অসমন্বয় ও অনিয়ম চলছে, তখন কিসের ভিত্তিতে প্রকল্পের পরিবেশের প্রভাব নির্ধারণ করা হবে।
কর্ডন কনসেপ্টের বিরোধিতা করে তিনি বলেন, ডিএনডিসহ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে অমরা ওপেন কনসেপ্টের পক্ষে।
প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে টঙ্গী থেকে কাঁচপুর পর্যন্ত সড়ক ও বাঁধ নির্মাণ করা হবে।
