ভারী যানবাহন ও অতিরিক্ত মাল বোঝাই পরিবহন নিয়ন্ত্রণে আসছে ডব্লিউআইএম মেশিন
উত্তর আমেরিকাভিত্তিক হাইওয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট টেকনোলজি কোম্পানি ইন্টারন্যাশনাল রোড ডায়নামিক ইনকরপোরেশন (আইআরডি) সড়ক ও জনপথ বিভাগের জন্য চারটি ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) সিস্টেম সরবরাহের ব্যাপারে একটি কন্ট্রাক্ট পেয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, ডব্লিউআইএম সিস্টেম পরিবহন ব্যবস্থাপনা এবং অতিরিক্ত মাল বোঝাই ও ভারী যানবাহন চলাচলজনিত কারণে মহাসড়কের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে কার্যকর হবে। আগামী তিনমাসের মধ্যেই এ সংক্রান্ত যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হবে বলে তারা জানান।
আইআরডি প্রেসিডেন্ট ও সিইও টেরি বেরগান সোমবার এক বিবৃতিতে বলেন, এ চুক্তি সম্পাদন করতে পেরে আমরা গর্বিত এবং বাংলাদেশের মহাসড়ক অবকাঠামোর উন্নয়নে সরকারের সাথে অংশগ্রহণ অব্যাহত রাখতে চাই।
ঢাকাস্থ এশিয়ান ট্রাফিক টেকনোলজির (এটিটি) মাধ্যমে আইআরডি এ কন্ট্রাক্ট পায়। চুক্তির অধীনে ছয় লাখ মার্কিন ডলার মূল্যে সড়ক ও জনপথ বিভাগের জন্য তারা চারটি ডব্লিইআইএম সিস্টেম সরবরাহ করবে।
টেরি বেরগান বলেন, আমাদের কোম্পানি এই প্রথম এ ধরনের অর্ডার পেল। এ জন্য আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। তিনি জানান, দিল্লিস্থ আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমেই তারা দক্ষিণ এশিয়ায় গ্রাহকদের সম্পূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন। এ কারণেই এ অঞ্চলে আমাদের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে।
ডব্লিউআইএম সিস্টেম সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ক্যামেরা ও ট্রাফিক কন্ট্রোলিং সিগনাল সমৃদ্ধ হাই স্পিড (এইচএসডব্লিউআইএম) ও স্লো স্পিডের (এসএসডব্লিউআইএম) একটি সমন্বিত ব্যবস্থা।
বাংলাদেশে এই প্রথম এ ধরনের ব্যবস্থা চালু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের দুটি স্থানে এ সিস্টেম বাস্তবায়ন করা হবে।
মহাসড়ক উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগের সম্পসারণশীল কর্মসূচি রয়েছে এবং তারা অতিরিক্ত মাল বোঝাই ও ভারী যানবাহন চলাচলের মাধ্যমে মহাসড়কের যে ক্ষতি হয়ে থাকে তা রোধে পদক্ষেপ আরও জোরদার করবে।
গত বছরের সেপ্টেম্বরে প্রাপ্ত হিসাব অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগের আওতায় ২২ হাজার ৩৯৮ কিমি সড়ক রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সড়ক ও জনপথ বিভাগ যথাযথ ব্যবস্থা নিতে চায় এবং সে জন্যই অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলাচল বন্ধে বিভিন্ন স্থানে এইচএসডব্লিআইএম প্লেট সিস্টেম বাস্তবায়ন করতে আগ্রহী। গ্লোবাল ইন্টেলিজেন্ট পরিবহন ব্যবস্থায় (আইটিএস) আইআরডি বহুদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।
আইআরডি’র এক বিবৃতিতে সোমবার বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা ও মহাসড়ক কর্তৃপক্ষ মহাসড়ক ব্যবস্থাপনায় আইআরডি’র বিভিন্ন পণ্য ও সুবিধা ব্যবহার করছে।
