২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া রেল জংশন ও বাইপাস প্রকল্প বাস্তবায়নে কোরিয়া-বাংলাদেশ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটের স্বল্প সময়ে এবং অধিকতর নিরাপদ ও দক্ষ পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে আখাউড়া রেল জংশন ও বাইপাস প্রকল্প বাস্তবায়নে মঙ্গলবার কোরিয়া-বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এ প্রকল্পের আওতায় দু’রুটে আধুনিক কম্পিউটারাইজড সিগনালিং ও ইন্টার লিংক কার্যক্রম বাস্তবায়িত হবে।

রেল ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে এবং কোরিয়া এলজি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কোম্পানি লি. এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এম. আবদুল্লাহ এবং কোরিয়ার এলজি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কোম্পানির রেলওয়ে সিস্টেম বিজনেস টিম লিডার জেই জুন হ্যান নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময়ে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদা ও কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সিয়ংগ উনগ উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে চলতি অর্থ বছরের মধ্যে দু’রুটের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে দু’রুটের রেলের যাত্রী ও পণ্য পরিবহন স্বল্পতম সময়ে সুবিধা লাভ করবেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় পনের কোটি পঞ্চান্ন লাখ টাকা প্রকল্প ব্যয়ে আখাউড়া রেল জংশনের রিমডেলিং ও উন্নয়ন এবং বাইপাস নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক কম্পিউটারাইজড সিগনালিং ও ইন্টার লিংক কার্যক্রম বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, সরকার রেলওয়েকে থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে যাত্রী ও পণ্য সেবার মানোন্নোয়নের জন্য প্রায় আটশত আটত্রিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষ উনত্রিশটি প্রকল্প বাস্তবায়ন করেছে।

পার্ক সিয়ংগ উনগ বলেন, বাংলাদেশ রেলওয়েকে আরো আধুনিক করে গড়ে তুলতে সিউল সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে রেলওয়ে লোকোমোটিভ ও ক্যারেজ সরবারহ ও আধুনিক সিগনালিং ও ইন্টারলকিং উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও সহায়তা প্রদান আগামীতে আরো বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আ ফ ম মোস্তাফিজুর রহমান, রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ও প্রকৌশলীবৃন্দ।