মান্নান ভূঁইয়ার সাথে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তার সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া ডু।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এডিবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, বিশেষ করে আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
তারা চট্টগ্রাম সিটি করপোরেশনে আরবান প্রাইমারি হেলথ প্রকল্প বাস্তবায়নে কিছু সমস্যার কথা উল্লেখ করলে এলজিআরডি মন্ত্রী শিগগিরই তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় এলজিআরডি মন্ত্রী ঢাকা মহানগরীতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রে এডিবি’র সহায়তা কামনা করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এডিবি’র প্রিন্সিপাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট হ্যান্স কার্লসন এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান জামাল মাহমুদ।
