তিনটি কোম্পানির সরকারি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএসইসি সংগ্রাম পরিষদ
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) সংগ্রাম পরিষদ সোমবার বিএসইসি’র তিনটি কোম্পানি থেকে সরকারি শেয়ার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সম্প্রতি বিসিএসি’র তিনটি কোম্পানি ন্যাশনাল টিউব লিমিটেড, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড থেকে অবশিষ্ট ৫১ শতাংশ শেয়ার ইনভেস্ট করপোরেশনের মাধ্যমে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিএসইসি সংগ্রাম পরিষদ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিএসইসি’র প্রধান কার্যালয় ও তিনটি কোম্পানিসহ সকল কার্যালয়ে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ।
এছাড়া সংগ্রাম পরিষদ ১৫ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে এবং ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবে।
বিএসইসি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম, আব্দুস সাত্তার, মোহাম্মদ ইদ্রিস, মো. হায়দার আলী ও শামসুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
