২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিময় ১ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পাকিস্তানের প্রস্তাব

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন আরও সহজ করতে ২০০৭ সাল নাগাদ বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিময় এক বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধিসহ নয়টি প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অর্থ ও রাজস্ব উপদেষ্টা ড. সালমান শাহ বলেন, এসব প্রস্তাব চূড়ান্ত করতে এবং যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সুপারিশ বাস্তবায়নের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা হবে।

পাকিস্তান আরও যেসব প্রস্তাব দিয়েছে তা হলো, একটি যৌথ বাণিজ্য কাউন্সিল প্রতিষ্ঠা, বাণিজ্য মেলা আয়োজন, বিশেষ ধরনের ওয়্যারহাউজ স্থাপন, যৌথ বিনিয়োগের ক্ষেত্র নির্ধারণ, সরাসরি শিপিং সার্ভিস চালু, রেলওয়ে, ইঞ্জিনিয়ারিং, চিনি এবং সিমেন্ট প্লান্টের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।

ঢাকায় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে আয়োজিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের অষ্টম বৈঠকে সোমবার পাকিস্তান এ প্রস্তাব দেয়।

এতে বাংলাদেশের ১৪ সদস্যদের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অপরদিকে পাকিস্তানের ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড. সালমান শাহ।

যৌথ অর্থনৈতিক কমিশনের সপ্তম বৈঠক ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ইসলামাবাদে ২০০৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নবম বৈঠক।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্তমানে বাণিজ্য বিনিময়ের পরিমান ২০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে পাকিস্তান চায় ২০০৭ সাল নাগাদ এর পরিমান এক বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে।

পাকিস্তানের এ প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা হবে। গ্রুপটি প্রতি ছয় মাসে একবার বৈঠক করবে। গ্রুপের প্রথম বৈঠক হবে ডিসেম্বরে এবং পরবর্তী জেইসি সেশনের আগে জুলাইতে একটি ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হবে।

যৌথ বাণিজ্য কাউন্সিল প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার পাবে।

তিনি দু’দেশের মধ্যে সরাসরি শিপিং সার্ভিস চালু করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সুবিধা নেওয়ার জন্য পাকিস্তানী বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানান।