২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে ৫৪ কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ এফডিআই

গত অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ৫৪ কোটি মার্কিন ডলারের রেকর্ড গড়ে তুলেছে। আগের অর্থবছরের তুলনায় সরাসরি বিনিয়োগের এ পরিমাণ ৪০ দশমিক ২৫ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 10:48 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে জানান, টেলিযোগাযোগ, জ্বালানি ও টেক্সটাইল খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে গত অর্থবছরে এফডিআইয়ের প্রবাহ বৃদ্ধি পায়।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বৃহত্তর বাজারের সন্ধান পেয়েছেন। পাশাপাশি জনগণের একটি অংশের আয়ের কিছু অংশ বিভিন্ন খাতে ব্যয়ের সামর্থ্য তৈরি হয়েছে।

সেল ফোন ব্যবহার বৃদ্ধির উদাহরণ দিয়ে তিনি বলেন, জনগণের মাথাপিছু আয়ও আগের তুলনায় বেড়েছে। এছাড়া কোটা পরবর্তী সময়ে টেক্সটাইল খাতে সরসরি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

মাহমুদুর রহমান বলেন, ক্রেতারা এখন তুলনামূলক বিবেচনায় বেশি পণ্য ক্রয় করছেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে উৎপাদন খরচ কম হওয়ায় অনেকেই এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।

২০০৫-২০০৬ সালে সরাসরি বিনিয়োগের পরিমাণ বেড়ে ৭০ কোটি মার্কিন ডলারে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের এক হিসেবে দেখা গেছে ২০০৪-২০০৫ অর্থবছরে সরাসরি বিনিয়োগের পরিমাণ ৫৪ কোটি মার্কিন ডলার। ২০০৩-২০০৪ অর্থবছরে বিনিয়োগের এ পরিমাণ ছিল ৩৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) রিসার্চ ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম সরাসরি বিনিয়োগের এ পরিমাণকে দেশের জন্যে শুভ দিক হিসেবে উল্লেখ করে বলেন, এতে করে দেশের আর্থিক লেনদেনের ভারসাম্য আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি দেশের অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ এবং রফতানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখেন।