২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’ দিনের ছুটি তৈরি পোশাক রপ্তানি মারাত্মকভাবে বিঘ্নিত করবে, বললেন যুক্তরাষ্ট্র ও ইইউ ক্রেতারা

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সঙ্গে শনিবার এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ ক্রেতারা বলেছেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তৈরি পোশাক রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ক্রেতারা বিজিএমইএ নেতৃবৃন্দকে বলেন, তারা যেনো শুক্রবার কর্মদিবস হিসেবে রেখে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার করার বিষয়টি সরকারকে অনুরোধ করেন।

১৭ আগস্টের বোমা হামলার ঘটনা উল্লেখ করে দেশের পোশাক শিল্পের প্রধান আমদানিকারকরা বলেন, আমরা এখনও আতঙ্কগ্রস্ত। বোমা হামলার ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

তারা আরো বলেন, এ ঘটনার পুনরাবৃত্তি হলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।

আমদানিকারকরা বলেন, কোটামুক্ত বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের বস্ত্র রপ্তানিতে লিড টাইম কমানো ছাড়া অন্য কোন বিকল্প নেই।

মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা সরবরাহকারিদের কাছ থেকে দ্রুত পোশাক প্রাপ্তির জন্য লিড টাইমকে গুরুত্ব দিয়ে থাকে।

বাটেক্সপো ২০০৫ ও কোটামুক্ত বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ঢাকার এক হোটেলে বিজিএমইএ বৈঠকটির আয়োজন করে। বিজিএমইএ সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে দেশের প্রধান পোশাক ক্রেতা ওয়ালমার্ট গ্লোবাল প্রকিউরমেন্ট, কেয়ারফোর গ্লোবাল সোর্সিং, হাদাদ ব্রান্ড, কারস্টাড, মন্ডিলাল এশিয়া এবং টেসকো ইন্টারন্যাশন্যাল সোর্সিং এর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

রপ্তানিকারক সুত্রে জানা যায়, বাংলাদেশের গার্মেন্টসের মার্কিন ক্রয়ের ৬০ শতাংশ ওয়ালমার্ট ক্রয় করে থাকে।

আমদানিকারকরা সরকারের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে গঠিত সোস্যাল কম্পøায়েন্স ফোরাম ফর আরএমজি কে স্বাগত জানিয়ে তারা বলেন, এই পদক্ষেপ সময়োপযোগি। যে দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে তাদেরকে বিজিএমইএ’র সহযোগিতা করা জরুরী।

বৈঠক শেষে আনিসুল হক বিডিনিউজকে জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি দেশের প্রধান রপ্তানি পণ্যের জন্য মারাত্মক বিপদজনক। সভায় যুক্তরাষ্ট্র ও ইইউ ভিত্তিক প্রধান ক্রেতারা এর বিরোধিতা করেছে।

তিনি বলেন, রপ্তানি টিকিয়ে রাখতে সরকারের উচিত আন্তর্জাতিক ক্রেতাদের বক্তব্য বিবেচনা করা।

সভায় আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপো নিয়েও আলোচনা হয় হয় বলে বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিজিএমইএ নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ফয়সাল সামাদ ও শওকত আলী ভুইয়া।

সভায় বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার সেভ গার্ড মেজার যুক্তরাস্ট্র ও ইইউর দেশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি সমস্যায় পড়বে না। তবে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুসারে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত মানসম্মত ফ্যাব্রিক্সের যোগান সুনিশ্চিত করতে হবে।