ইকেবানা এবং বনসাই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে
জাপানের সাংস্কৃতিক ঐতিহ্য ইকেবানা এবং বনসাই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে দিন দিন এ শিল্পের চর্চা বাড়ছে।
শুক্রবার হোটেল শেরাটনে ইকেবানা ও বনসাই প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (জেবিসিসিআই) সভাপতি মতিউর রহমান এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইকেবানাকে বাংলাদেশের শিল্প চর্চায় নতুন মাত্রা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এখন শত শত মানুষ ইকেবানা ডিজাইনিং শিখছে। তিনি আরও জানান, শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও ইকেবানা চর্চা জনপ্রিয়।
জাপান দূতাবাস এবং জেবিসিসিআই যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বাংলাদেশে ইকেবানা সংস্কৃতির চর্চাকে আরও জনপ্রিয় করতে আয়োজকরা প্রতিযোগিতার আয়োজন করে।
জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাপান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং একেবিডি ইকেবানা প্রদর্শনীতে স্থানীয় ইকেবানা ডিজাইনারদের উৎপাদিত বর্ণাঢ্য ইকেবানা পন্য নিয়ে অংশ নেয়।
বাংলাদেশ বনসাই সোসাইটিও প্রদর্শনীতে অংশ নেয়। অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক আনিসুল হক জানান, বনসাই চর্চা এখন সারাদেশেই জনপ্রিয়।
তিনি আরও জানান, রাজশাহীতে বনসাই চর্চা ব্যাপক বিস্তৃত হয়েছে। চট্টগ্রাম ও সিলেটে বনসাই চাষ শুরু হয়েছে।
প্রতিযোগিতায় ইকেবানা ডিজাইনে সামসুন নাহার হোসেন প্রথম এবং সাদিয়া প্রিয়াংকা ও রাজিয়া জাহের দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেন। বনসাই ডিজাইনে বোরহান হোসেন প্রথম, শওকত ইসলাম দ্বিতীয় এবং সারওয়ার মোর্শেদ তৃতীয় স্থান লাভ করেন।
