২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরবরাহ ঋণ নিয়ে আইএমএফ এর উদ্বেগ

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বৃহস্পতিবার দেশে সরবরাহ ঋণ বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপদেষ্টা থমাস আর. রামবার্গের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাক্ষাতের পর জানান, সরবরাহ ঋণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আইএমএফ উদ্বেগ প্রকাশ করেছে।

আইএমএফ কর্মকর্তারা বলেন, সরবরাহ ঋণ আপাত দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও প্রকৃতপক্ষে তা অত্যন্ত ব্যয়বহুল। এ ধরণের ঋণ দেশের বৈদেশিক রির্জাভ ও সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইএমএফ এর পরামর্শ মনে না চললে তাদের প্রদত্ত ঋণ কমে বা বন্ধ হয়ে যেতে পারে।

সাংবাদিকদের উদ্দেশ্য অর্থমন্ত্রী বলেন, আইএমএফ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে।

আইএমএফ এর আগে সরবরাহ ঋণের সীমা ২৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করে।

অর্থমন্ত্রী বলেন, দাতারা একদিকে শুল্ক হ্রাসের জন্য চাপ দেয়, অন্যদিকে রাজস্ব আদায়ের বৃদ্ধির প্রতি গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, তাদের পরামর্শেই তেলের দাম বাড়ানো হয়েছে এবং আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে।

চরম বিরক্তি নিয়ে তিনি বলেন, যদি তারা সন্তুষ্ট না হয়, তবে আমার কিছুই করার নেই।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, অতি প্রয়োজনীয় যে সব ক্ষেত্রে সাহায্য পাওয়া যায় না, সেসব ক্ষেত্রেই সরবরাহ ঋণ নেয়া হয়ে থাকে।

সরবরাহ ঋণ ক্ষেত্রে সুদের হার ও অর্থ স্বল্প সময়ের মধ্যে ফেরত দিতে হয়।