২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনের প্রস্তাব

জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার বিশেষ অর্থনৈতিক জোনের প্রস্তাব দিয়েছে। বিনিয়োগ জোনে তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান শেরাটন হোটেলে তিনদিনব্যাপী ‘জাপান ট্রেড ফেয়ার-২০০৫’ উদ্বোধনকালে একথা বলেন। বাংলাদেশে জাপানি দূতাবাসের সহায়তায় জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স (জেবিসিসিআই) এবং জেট্রো ঢাকা অফিস এ মেলার আয়োজন করে।

৪০টি কোম্পানি ছাড়াও অটোমোবাইলস, তথ্য প্রযুক্তি, ব্যাংক, ইলেকট্রনিক্স এবং শিল্প বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিয়েছে। মেলায় স্টলের সংখ্যা ৮৬টি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, জাপান-বাংলাদেশ কমার্শিয়াল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের চেয়ারম্যান কোজি নোজিমা, ঢাকাস্থ জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইজি সেকাইন এবং ঢাকায় জেট্রো প্রতিনিধি সোতারো নিশিকাওয়া প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বিশেষ অর্থনৈতিক জোনে জাপানি বিনিয়োগকারীদের আহবান জানান এবং তাইওয়ান, থাইল্যান্ড ও অন্যান্য দেশের মত বাংলাদেশেও সানসেট ইন্ডাস্ট্রিজ স্থাপনের পরামর্শ দেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যাপক পরিমাণে জ্বালানি ও মানব সম্পদ রয়েছে। জাপান বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও অন্যান্য খাতে অংশ নিয়ে জ্ঞান নির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে এবং ইউরোপের বাজারে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের প্রবেশ নিশ্চিত করতে পারে।

মোরশেদ খান আরো বলেন, জাপান বাংলাদেশের শিল্প কারখানায় এগিয়ে আসতে পারে এবং এদেশের অপেক্ষাকৃত অদক্ষ শ্রমিককে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা লাভ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপান-বাংলাদেশ সুসম্পর্ক সত্ত্বেও তারা পশ্চিমা বাজারের দিকে মানোযোগী হচ্ছে। তিনি বলেন, এশিয়ার অন্যান্য দেশের মত জাপানের সাথে বাংলাদেশের কোন বৈরি সম্পর্ক নেই।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বলেন, মেলা দুদেশের জনগণের মধ্যে সহযোগিতার দ্বার খুলে দিতে পারে এবং উভয় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ২০০৪ সালের এক্সপোর্ট প্রসেসিং জোনের জরিপে জাপান বাংলাদেশের পোশাক খাতে তৃতীয় বিনিয়োগকারী দেশ হলেও অন্যান্য খাতে তাদের উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ নেই।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

২০০৪ অর্থবছরে বাংলাদেশের ইপিজেডগুলোতে জাপানি বিনিয়োগের পরিমাণ ছিলো ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৫ সালে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়েছে।