সাপ্তাহিক ছুটি পরিবর্তনে ব্যবসায়ীদের দাবি প্রত্যাখ্যান করলেন অর্থমন্ত্রী
সরকার ঘোষিত শুক্র ও শনিবারের পরিবর্তে শনি ও রোববার দু’দিন ছুটি ঘোষণার জন্য ব্যবসায়ী সম্প্রদায় যে দাবি জানিয়েছে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার তা প্রত্যাখ্যান করেছেন।
অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, শুক্র ও শনিবারের ছুটি পরিবর্তন করে শনি ও রোববার করা হলে মূলত তিন দিনই ছুটি মনে হবে। কেননা শুক্রবার কাজ হবে খুবই কম।
তিনি বলেন, শুক্রবারের জুম্মার নামাজের জন্য দুই ঘন্টা বিরতি দেওয়া হলেও কর্মকর্তা কর্মচারিরা বেলা ১১টা থেকেই নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। ধর্মীয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সোমবার দু’দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করে। একই সাথে কর্মদিবসের সময়সূচি এক ঘন্টা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার জানায়, সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস থাকায় সরকারি বেসরকারি খাতে গাড়ি ব্যবহার কমে যাবে। এর ফলে ব্যয়বহুল জ্বালানি সাশ্রয় হবে।
তবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং অন্যান্য ব্যবাসায় সংগঠন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণার বিরোধিতা করে। তারা বলেন, বিশ্বের অন্যত্র রোববার ছুটি থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে যোগাযোগ ব্যাহত হবে। এতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে তারা মন্তব্য করেন।
অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, লোকজন যেহেতু তাদের কর্মদিবস অনুযায়ী কাজ করে এবং প্রযুক্তি সবকিছুকে পরিবর্তন করে দেওয়ায় নতুন ছুটিতে তেমন একটা পার্থক্য দেখা দেবে না। তিনি বলেন, আপনি ঘুম থেকে উঠেই ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ ডলারের অর্ডার দেখতে পেতে পারেন।
মন্ত্রী বলেন, আমি রাত ৮টার পর নগরীর মার্কেট, বিলবোর্ড ও বিদ্যুৎ খরচ হয়, এমন অন্যান্য স্থাপনা বন্ধ রাখার পক্ষে।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে সরকারি কর্মকর্তাদের জ্বালানি, ভ্রমণ ও বিনোদন ব্যয় কমানোর কথা বলেছি। এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে প্রধানমন্ত্রী তার মতামত জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
এর আগে অর্থনীতিবিদ আবুল বারাকাত সংবাদ সংস্থা এএফপিকে বলেন, কর্মদিবস পাঁচ দিন করার মাধ্যমে বছরে সরকারের প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
