বাণিজ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সঙ্গে রোববার ইইউ পোশাক ক্রেতাদের বৈঠক
গার্মেন্টস খাতের সামাজিক স্বীকৃতির ব্যাপারে আলোচনার জন্য ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নীল কেয়ার্নে এবং বেশ কয়েকজন ইউরোপীয় ক্রেতা রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
কেয়ার্নে শুক্রবার ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিরাপদ অবস্থা সম্পর্কে ইউরোপীয় ক্রেতাদের অবহিত করবেন।
এর আগে তিনি পণ্য সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যরে ব্যাপারে ক্রেতাদের নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন ব্রাণ্ড ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তৈরি পোশাকের জন্য সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই রপ্তানি উন্নয়ন ব্যুরোতে একটি সামাজিক কমপ্লাইয়েন্স ফোরাম, দু’টি টাস্কফোর্স এবং একটি কমপ্লাইয়েন্স মনিটরিং সেল গঠন করেছে।
তিনি বলেন, টাস্কফোর্স সদস্যদের সুপারিশের ভিত্তিতে আইনগত বিষয়সহ অন্যান্য সামাজিক বিষয়ে পরিবর্তন আনা হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার জন্যও যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, কারখানার শ্রমিকদের ইন্স্যুরেন্সের জন্য বিজিএমইএ রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
