২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনীয় মজুদ থাকায় সরকার চাল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে

দেশে চালের প্রয়োজনীয় মজুদ থাকায় সরকার এ মুহূর্তে চাল আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

অর্থ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, স্থানীয় বাজার থেকে পুরোদমে চাল সংগ্রহের কাজ চলছে।

তিনি বলেন, চলতি মৌসুমে ১০ দশমিক ৫ মে. টন লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার ইতোমধ্যেই স্থানীয় বাজার থেকে ৯ দশমিক ৫ মে.টন ধান ও চাল সংগ্রহ করেছে।

অর্থমন্ত্রী বলেন, পরবর্তীতে সংগ্রহ অভিযান, বিশেষ করে বিদেশ থেকে সংগ্রহের ব্যাপারটি নির্ভর করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর।

সাইফুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সিনিয়র মন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভা কমিটি অস্ট্রেলিয়া সরকারের মঞ্জুরি হিসাবে পাওয়া ৫৮ হাজার মে.টন গম পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন (পিপিআর) ২০০৩ এর রেগুলেশন ৪১ (১) (সি) এর বিধান অনুসরণ করা হতে অব্যাহতি প্রদান করেছে।

বৈঠকে চট্টগ্রামের হালিশহরে খাদ্য অধিদপ্তরের একটি সিএসডি গোডাউন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বিইপিজেডএ) কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করা হয়। এছাড়াও নিউ মুরিং কন্টেইনার ব্যবস্থাপনার দায়িত্ব পাবলিক সেক্টরে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থমন্ত্রী জানান, ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য শস্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে খাদ্য মন্ত্রণালয় পরবর্তীতে সংগ্রহ অভিযান চালাতে পারবে।

মন্ত্রী বলেন, আগামী মাস থেকে কাজের বিনিময়ে খাদ্য, ভিজিএফ এবং ওএমএস’র মাধ্যমে প্রায় সাত থেকে আট লাখ মে.টন চাল বাজারে ছাড়া হবে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, মানুষ যাতে রোজার সময় কম মুল্যে চাল কিনতে পারে, সেজন্য সেপ্টেম্বরের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে ওএমএস চালু হবে।

সরকারি সূত্র জানায়, মাসে দুই মিলিয়নেরও বেশি হিসেবে দেশের বার্ষিক চালের চাহিদার পরিমাণ ২৫ মিলিয়ন মে.টন।