‘চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই’
দেশের সবচেয়ে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উন্নয়নকর্মীরা গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
একইসঙ্গে তারা চরের মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কার্যকর করার দাবি জানান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘চরের মানুয়ের বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক অংশীদারীত্বমূলক উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা একথা বলেন। উন্নয়ন সমন্বয় ও প্রাকটিক্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে জানানো হয়, দেশে চরাঞ্চলের অধিবাসীদের সংখ্যা ৭০ লাখ (মোট জনসংখ্যার ৫%)।
প্রাকটিকাল অ্যাকশানের আবাসিক প্রতিনিধি বীণা খালেকের সভাপতিত্বে আলোচনা করেন উন্নয়ন সমন্বয়ের প্রাধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, সিএনআরএস’র নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান ও প্রাকটিক্যাল অ্যাকশান ইউকের ড. স্টুর্য়াট কোপ। কর্মশালায় ড. আতিউর রহমান ও ড. স্টুর্য়াট কোপ চরের মানুষের উন্নয়নের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
ড. আতিউর রহমান বলেন, চরের মানুয়ের স্থিতিশীল উন্নয়নের জন্য পৃথক বাজেট বরাদ্দ প্রয়োজন। সরকারের দারিদ্র বিমোচন কৌশলপত্র বা পিআরএসপিতে এ ব্যাপরে বিশেষভাবে উল্লেখ করা দরকার।
তিনি বলেন, দেশে হাওড় ও অন্যান্য অঞ্চলে এক ধরণের রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা তিন-চার মাস পানিতে ডুবে থাকলেও পরে তা ব্যবহৃত হয়। চরাঞ্চলেও এ ধরণের রাস্তা ও অবকাঠামো তৈরি করা দরকার।
ড. স্টুর্য়াট কোপ বলেন, চরের মানুষের উন্নয়নে জাতীয় পর্যায়ে এনজিওদের অঙ্গীকার অত্যন্ত দুর্বল।
মোখলেসুর রহমান বলেন, সরকারের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের সঙ্গে চরাঞ্চলের মানুষের সংযোগ স্থাপনের পদ্ধতি আমাদের বের করতে হবে।
মো. খলিলুর রহমান বলেন, চরাঞ্চলে যে সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হয় না। বাজার না থাকায় ভিন্ন ধরণের উৎপাদন করা সম্ভব হয় না। অথচ বিভিন্ন ধরণের কৃষিজ পণ্য উৎপাদনের মতো জমি সেখানে রয়েছে।
কর্মশালায় চরাঞ্চলে সৌর বিদ্যুৎ ও বায়ো গ্যাসের মত জ্বালানির ব্যবস্থার চালু করার ওপরেও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভূমিহীন ও প্রান্তিক চাষীদের সংগঠিত করে তাদের জমি ও আবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় চরের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
