দুদিনের সরকারি ছুটিতে ব্যবসায়ীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, শুধু রোববার ছুটি করার দাবি
সাপ্তাহিক সরকারি ছুটি একদিন থেকে বাড়িয়ে শুক্র ও শনিবার দুদিন করায় ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী ও ব্যাংকাররা সরকারি ছুটি দুদিনের পরিবর্তে একদিন এবং ছুটির দিন রোববার নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার বিডিনিউজের সাথে আলাপকালে বিশিষ্ট ব্যাংকার ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশই শুক্রবার খোলা থাকে এবং বন্ধ থাকে শনি ও রোববার।
তিনি বলেন, কিন্তু শুক্র ও শনিবার বন্ধ থাকায় বিশ্বের সাথে বাংলাদেশ সপ্তাহে তিনদিনেরও বেশি সময় বিচ্ছিন্ন থাকবে। এর নেতিবাচক পড়বে প্রভাব ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে। বিজিএমইএ ক্ষতিগ্রস্ত হবে বিশেষভাবে।
তিনি বলেন, সরকারি খাতে জ্বালানীর অপচয় হয়। কিন্তু বেসরকারি খাতে তো হয় না। এতে সরকারি খাতে জ্বালানীর সাশ্রয় হবে। কিন্তু ব্যাংকিং খাত বিশ্বের সাথে তিনদিন বিচ্ছিন্ন থাকায় নিম্ন মধ্যবিত্তদের সুবিধা হবে। তারা ছুটির অবসরে বাড়িতে যেতে পারবে। যা সামাজিক অস্থিরতা কমাতে সাহায্য করবে।
তিনি বলেন, এরআগে বাংলাদেশেও শুক্রবার ছিলো কর্মদিবস। কিন্তু এরশাদ সরকারের আমলে শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনও রোববার বন্ধের প্রস্তাব করে বলেন, শুক্র ও শনিবার বন্ধ থাকলে আমরা বিশ্ব থেকে তিনদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ছি। তাছাড়া দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে দুদিনের সরকারি ছুটির প্রভাব আমরা সামলাতে পারবো না। তাই সরকারের এ সিদ্ধান্তের সাথে ব্যবসায়ীরা একমত নয়।
তিনি বলেন, সরকারের উচিত সরকারি ছুটি একদিন এবং তা রোববার করা।
নাম প্রকাশ করার শর্তে এফবিসিসিআই’র একজন পরিচালক বিডিনিউজকে জানান, সরকার যদি একদিনের তেল খরচ বাঁচানোর জন্য এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বোঝা যায়, সরকার ও প্রশাসনের একদিনের কার্যকারিতা একদিনের তেল খরচের সমান।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, দুদিনের সরকারি ছুটির সিদ্ধান্তে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এরচেয়ে শুক্রবার ছুটিই ভালো ছিল। বিশ্বের সাথে তিনদিন বিচ্ছিন্ন থাকলে দেশ ক্ষতিগ্রস্থ হবেই।
বিজিএমইএ’র সভাপতি আনিসুল হক সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, রপ্তানীর সাথে সংশ্লিষ্ট কাস্টমস, রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বন্দর যদি দুদিন বন্ধ থাকে, তবে তা হবে বিজিএমইএ’র জন্য বিপর্যয়। বিজিএমইএ চায় রোববার ছুটি।
