সাপ্তাহিক ছুটি শুধু রোববার করার পক্ষে এফবিসিসিআই
ব্যবসায়িদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নতুন সভাপতি মীর নাসির হোসেন দুদিন সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, শুক্র ও শনিবার বন্ধ থাকলে আমরা বিশ্ব থেকে তিনদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ব।
তাছাড়া দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে দুই দিনের সরকারি ছুটির প্রভাব আমরা সামলাতে পারবো না। তাই সরকারের এ সিদ্ধান্তের সাথে ব্যবসায়িরা একমত নয়।
মঙ্গলবার এফবিসিসিআই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ ও শপত্র অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে এফবিসিসিআই মতামত তুলে ধরবে।
তিনি বলেন, সরকারের উচিত সরকারি ছুটি একদিন রাখা এবং তা রোববার করা।
গত ২৪ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, দুজন সহসভাপতি ও ২৪ জন পরিচালক নির্বাচিত হন। মঙ্গলবার ওসমানি মিলনায়তনে এফবিসিসিআই’র বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু ডলার সংকটের কথা উল্লেখ করে বলেন, এ সংকট সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিকে নিম্নগামী করছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর শর্ত অনুয়ায়ী রির্জাভ তিন বিলিয়ন ধরে রাখার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এফবিসিসিআই’র একজন পরিচালক বিডিনিউজকে জানান, সরকার যদি একদিনের তেল খরচ বাঁচানোর জন্য এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বোঝা যায়, সরকার ও প্রশাসনের একদিনের কার্যকারিতা একদিনের তেল খরচের সমান।
