২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ সারা দেশে ব্যবসায়িক সুবিধা সম্প্রসারণ করবে

সারা দেশে ব্যবসায়িক সুবিধা সম্প্রসারণের সম্ভাব্যতা খতিয়ে দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে গত ২১ আগস্ট ডিএসই উন্নতমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, এ বছরের অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আমরা আমাদের ব্যবসার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হব।

তিনি জানান, উপকূলীয় এলাকায় ডিএসই’র সম্প্রসারণ কর্মসূচির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ডিএসই উপকূলীয় এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণের ব্যাপারে দরপত্র আহ্বান করলে মোট ১২ টি দরপত্র জমা পড়ে।

তিনি বলেন, কার্যক্রমের সম্প্রসারণ ঘটলে দেশের যেকোনও স্থান থেকে বিনিয়োগকারীরা ডিএসই’র প্রাত্যহিক ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবে।

উন্নতমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ১৫ টি শাখা কার্যালয় স্থাপনে সক্ষম হবে বলে তিনি জানান। সার্ভারের মাধ্যমে প্রধান ব্রোকার কার্যালয় থেকে শাখাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য রক্ষা করা হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এতে করে কোনও ব্রোকার চাইলে ডিএসই প্রতিনিধি নিয়োগ সাপেক্ষে দেশের যেকোনও স্থানে নতুন শাখা চালু করতে পারবেন।

তিনি জানান, এ ব্যাপারে ডিএসই সদস্যদের কাছ থেকে প্রচুর সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে ব্রোকারেজ হাউজগুলো চট্টগ্রাম ও সিলেটে শাখা স্থাপনের আবেদন জানিয়েছে। যদিও চট্টগ্রামে একটি শাখা রয়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের কথা বিবেচনায় রেখে আমরা শাখা খোলার ব্যাপারে অনুমোদন দেবো।

ডিএসই সদস্যদের জন্য অন-লাইন সুবিধা প্রদান করবে সিটি ব্যাংক লিমিটেড। তারাও ঢাকার বাইরে শাখা খুলবে।

এ ব্যবস্থার মাধ্যমে আগামী দুই তিন বছরে পুঁজি বাজারে বিনিয়োগ চাঙ্গা হবে বলে ডিএসই’র পরিচালক এবং ইক্যুইটি পার্টনারস লিমিটেডের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান।

ডিএসই সূত্র মতে, নতুন ব্যবস্থায় বর্তমানের চারশ’ পঞ্চাশটির স্থলে ব্যবসায়িক শাখা এক হাজার পাঁচশতে উন্নীত হবে এবং প্রতিদিন ৫০ হাজার লেনদেন করা যাবে। বর্তমানে প্রতিদিন এক হাজার পাঁচশ লেনদেন চলছে বলে ডিএসই সূত্র জানায়।