২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প রক্ষায় যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশ দ্রুত নিশ্চিত করতে হবে : বিজিএমইএ

রুলস অর অরিজিন মেনে জিএসপি সুবিধার সদ্ব্যবহারে দেশের বয়নশিল্প রফতানিকারকদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

দেশের পোশাক শিল্পকে রক্ষা করতে হলে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সোমবার ওভারসিস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সদস্যদের সাথে বৈঠককালে একথা বলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, বয়নশিল্প রফতানিকারকদের চাহিদার ২০ শতাংশের কম মেটাতে সক্ষম হচ্ছে আমাদের পোশাক শিল্প। এশিয়ার অন্যান্য দেশের পোশাক শিল্পের তুলনায় আমাদের পোশাকের মূল্য ৩০ শতাংশ বেশি।

তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দ্রুত নিশ্চিত করে এর প্রতিকার সম্ভব।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পশ্চৎসংযোগ শিল্প স্থাপন অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যাপার।

বিজিএমইএ সূত্র মতে, গত বছরের জানুয়ারি-জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বয়নশিল্প রফতানির মাধ্যমে নয়শ’ ৯৭ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়। এ বছর ঠিক একই সময়ের মধ্যে ১৯ দশমিক ৬১ শতাংশ কমে ৮০২ দশমিক ৮৪ মিলিয়নে এসে দাঁড়িয়েছে।

অন্যদিকে গত বছরের জানুয়ারি-জুনে যুক্তরাষ্ট্রের বাজারে বয়নশিল্প রফতানির মাধ্যমে ৭১৫ দশমিক ৯৬ মিলিয়ন আয় সম্ভব হয়েছিল। এ বছরে একই সময়ে তা ১৮ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৫১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে আমরা যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য ‘দ্য ট্যারিফ রিলিফ অ্যাসিসটেন্স ফর ডেভেলপিং ইকোনোমিজ’ শিরোনামে এ সংক্রান্ত একটি বিল কংগ্রেসে উত্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন পদ্ধতিতে এ বিল পাশের বিষয়টি দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু তারপরও আমরা আশাবাদী যে, এ ব্যাপারে সফল হব।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিএমইএ নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ফয়সাল সামাদ ও আব্দুস সালাম বক্তব্য রাখেন।

বিদেশি গণমাধ্যমে তারা আসন্ন বাটেক্সপো-২০০৫ এর ওপর জোর দেওয়ার ব্যাপারে ওকাব সদস্যদের প্রতি আহ্বান জানান। আগামী ২৯ সেপ্টেম্বর বাটেক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

দেশের মোট পোশাক রফতানির ৫৬ শতাংশ বয়নশিল্প এবং বাকি অংশ তৈরি পোশাক শিল্প। পোশাক শিল্প দেশের বৃহত্তম রফতানি খাত। দেশের মোট রফতানি আয়ের ৬৮ শতাংশ আসে এ খাত থেকে। এ খাতে মোট ২১ লাখ লোক কাজ করছে এবং তাদের ৯০ শতাংশই নারী।

২০০২-০৩ সালে বাংলাদেশ পোশাক রফতানির মাধ্যমে চারশ’ ৯০ কোটি মার্কিন ডলার আয় করে এবং ২০০৩-০৪ বছরে আয় করে পাঁচশ ৬০ কোটি মার্কিন ডলার।