২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বোর্ড কর্মকর্তার সঙ্গে আইএমএফ কর বিশেষজ্ঞের সাক্ষাৎ

রাজস্ব খাতের চলমান সংস্কার নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের একজন কর বিশেষজ্ঞ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রাজস্ব বোর্ডের আয়কর সম্পর্কিত নীতি নির্ধারণী কমিটির সদস্য এএস জহির মোহাম্মদ বলেন, বৃহৎ আয়করপ্রদানকারী ইউনিট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বোর্ডের কর্মকর্তাদের সাথে আইএমএফ সদস্যদের একটি সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

সফরকারী আইএমএফ কর্মকর্তারা পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও  অন্যান্য সদস্যদের সাথেও দেখা করবেন।

রাজস্ব খাতের সংস্কার ও রাষ্ট্রায়াত্ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেসরকারিকরণ পর্যালোচনার জন্য আইএমএফ’র ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নয় দিনের বাংলাদেশ সফরে শনিবার ঢাকা আসে। আন্তর্জাতিক অর্থ তহবিলের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস আর রুমবাগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী বলেন, এটি ছিল আইএমএফ’র পর্যালোচনা বৈঠক। আলোচনা একটি চলমান প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন।

তবে রাজস্ব বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রাজস্ব আয় বাড়াতে আইএমএফ শুল্ক ও আয়কর ইউনিট ঢেলে সাজাতে চাচ্ছে।

তিনি বলেন, বৈঠকে আইএমএফ ঢেলে সাজানোর বিষয়টি তুলে ধরেছে।

আইএমএফ প্রতিনিধিদল বাণিজ্য সংস্কারসহ কর প্রশাসন জোরদার করা, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষতি কাটিয়ে ওঠা, বিনিয়োগ ব্যবস্থা উদারীকরণ নিয়ে আলোচনা করেন। অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার মাধ্যমে জ্বালানি খাতের সংস্কারের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়।