২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সাপ্তাহিক ছুটি দাবি করেছেন তৈরি পোশাক রফতানিকারকরা

বিদেশি ক্রেতাদের সাথে সামঞ্জস্য রেখে রোববার সাপ্তাহিক ছুটি ও শনিবার অর্ধদিবস ছুটির দাবি জানিয়েছেন তৈরি পোশাক ও বয়নশিল্প রফতানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

কোটামুক্ত অবস্থায় ইউরোপীয় ইউনিয়নে দেশীয় বয়নশিল্পের রফতানি বাজার চাঙ্গা করতে দেশের রফতানিকারকরা রোববার শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানান।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশের সাথে সাপ্তাহিক ছুটির বৈষম্যের কারণে দেশীয় পণ্যের দুটি বিশাল বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে আমাদের কয়েক মিলিয়ন ডলারের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

আনিসুল হক বলেন, আমাদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অফিসগুলো খোলা থাকে। আবার তাদের ছুটির দিন রোববারে আমাদের অফিসগুলো বন্ধ থাকে।

এ ব্যাপারে সমর্থন আদায়ের জন্য তারা ধর্মীয় নেতাদের সাথে আলাপ করেছেন বলে তিনি জানান। তাদের মধ্যে জামায়াতের আমির ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিম, ইসলামি ঐক্যজোটের অন্য অংশের নেতা শায়খুল হাদিস আল্লাম আজিজুল হকের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তাদের কেউ কেউ রাজি হয়েছেন আবার কেউ কেউ রাজি হননি বলে তিনি জানান।

আনিসুল হক বলেন, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, লেবাননের মতো অন্যান্য ইসলামি দেশগুলো যেখানে শুক্রবারে তাদের ব্যবসায়ী কার্যক্রম চালু রাখে সেখানে আমরা কেন রাখব না?

বিজিএমইএ’র হিসাব অনুযায়ী, গত বছর যে সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রফতানি আয় ছিল নয়শ’ ৯৮ দশমিক ৭০ মিলিয়ন ডলার সেখানে এ বছর ওই একই সময়ের মধ্যে রফতানি আয় ছিল আটশ’ দুই দশমিক ৮৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৬১ শতাংশ কম।

ইউরোপের বাজারে ৫৬ শতাংশ তৈরি পোশাক এবং বাকি ৪৪ শতাংশ বয়নশিল্প রফতানি হয় বলে সূত্র জানায়। দেশের রফতানি পণ্যের ক্ষেত্রে তৈরি পোশাক সবচেয়ে বৃহত্তর খাত। মোট রফতানি আয়ের ৬৮ শতাংশ আসে এ খাত থেকে। এ খাতে দেশের ২১ লাখ লোক কর্মরত আছে। তাদের ৯০ শতাংশই নারী।

গত ২০০২-০৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে মোট রফতানি আয় ছিল চারশ’ ৯০ কোটি মার্কিন ডলার এবং ২০০৩-০৪ অর্থবছরে এ আয় ছিল পাঁচশ ৬০ কোটি মার্কিন ডলার।