২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে দরিদ্র জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণই হবে বড় অর্জন : ড. ইউনুস

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহম্মদ ইউনুস বলেছেন, অর্থনীতির চাকা সচল করতে দরিদ্র জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাটাই হবে সবচে’ বড় অর্জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার গ্রামীণ মিউচুয়াল ফান্ডের ‘গ্রামীণ ওয়ান’ শীর্ষক প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

ড. ইউনুস বলেন, কোনও বৃহৎ একটি কোম্পানির বেশিরভাগ মালিকানাই যে দরিদ্র জনগণের হতে পারে, তা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানের মালিক ৫০ লাখ দরিদ্র জনগণ। মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ অংশীদারি তাদের।

তিনি বলেন, এ ফান্ডের উদ্দেশ্য হচ্ছে, গ্রামীণ ব্যাংকের মালিক এসব দরিদ্র জনগণকে মালিকানা প্রদান এবং প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান।

অধ্যাপক ইউনুস বলেন, শেয়ার বাজারে গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ার ছাড়ার ফলে দরিদ্র জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং এর ফলে তাদের আয়ের পথ সুগম হবে।

তিনি বলেন, এ ফান্ড সফল হলে পুঁজি বাজারে গ্রামীণ ব্যাংক ও এর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের আরও শেয়ার ছাড়া হবে।

গ্রামীণ ব্যাংকের শেয়ার ছাড়ার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অন্যান্য অংশীদারদেরকে রাজি করাতে চেষ্টা করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো: শাহিক খান, সহ সভাপতি আহমেদ রশিদ লালী, প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান এবং এইমস অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাঈদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।