২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজার উন্নয়নে ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স’র আঞ্চলিক সেমিনার

দেশের পুঁজি বাজার পুনরায় চাঙ্গা করতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স’র বাংলাদেশ শাখা ঢাকায় পুঁজি বাজার উন্নয়ন সম্পর্কিত একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ঢাকা শেরাটন হোটেলে আগামী ২৭ সেপ্টেম্বর ‘পুঁজি বাজার উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক সেমিনার : প্রেক্ষিত এশিয়া’ শীর্ষক দু’দিনব্যাপী এ সেমিনার শুরু হবে।

আঞ্চলিক শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী ও অন্যান্য বৃহৎ শেয়ার হোল্ডাররা এতে অংশ নেবেন।

নগরীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স’র বাংলাদেশ শাখার সভাপতি মাহবুবুর রহমান শনিবার সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, শেয়ার বাজারে ১৯৯৬ সালের আকস্মিক উত্থান পতনের পর জনগণ ও বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বাণিজ্য নিয়ে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকেই সক্রিয়ভাবে শেয়ার ব্যবসায় আসতে চাচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে ক্রেতা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এ সেমিনারের আয়োজন।

তিনি আরও বলেন, পুঁজি বাজারে বিনিয়োগ বাড়ানো এবং তাকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়াই সেমিনারের লক্ষ্য।

এশিয়ায় অর্থ সংকটের কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, সেমিনারের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সমঝোতামূলক সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করা হবে, যাতে এসব দেশ ভবিষ্যতে যে কোনও অর্থ সংকট মোকাবেলা করতে পারে।  

তিনি বলেন, সেমিনারে পুঁজি বাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্মপন্থা নির্দেশ করতে এক দেশের অভিজ্ঞতা, ধারণা ও কার্যক্রম সম্পর্কে অন্যকে জানাতে একটি ফোরাম গঠন করা হবে।  

তিনি আরও জানান, ভারতের সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ বোর্ডের প্রধান এবং পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধানগণ সেমিনারে অংশ নেবেন। কারচি, মুম্বাই, নেপাল, থাইল্যান্ড, টোকিও, মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুরের শীর্ষ নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও সেমিনারে অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স’র বাংলাদেশ শাখার সহ সভাপতি ট্রান্সকম গ্র“পের চেয়ারম্যান লতিফুর রহমান এবং স্কয়ার গ্র“পের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীও উপস্থিত ছিলেন।