২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আবারো বাড়ছে, আপডেট

রোববার থেকে জ্বালানি তেলের দাম আবারো বাড়ছে। তবে অকটেন, পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের নতুন দাম লিটার প্রতি কত হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, কাল (রোববার) থেকে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হলেও নতুন দাম কত হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আজ (শনিবার) রাতেই এটি চূড়ান্ত হবে এবং বর্ধিত দাম রোববার থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান কমিয়ে আনতে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দাম বৃদ্ধির এ আশঙ্কার কারণে ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। অধিকাংশ পাম্পও বন্ধ রয়েছে।

একটি সূত্র জানায়, প্রতি লিটার অকটেন ৪৫ টাকা, পেট্রোল ৪০ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৩০ টাকা করা হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২৬ টাকা। প্রতি লিটার অকটেন ৩৮ এবং পেট্রোল ৩৬ টাকা।

২০০১ সালের অক্টোবর মাসে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সাত দফা জ্বালানি তেলের দাম বেড়েছে। তখন (অক্টোবর, ২০০১) প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল সাড়ে ১৫ টাকা। আর পেট্রোল ২৮ টাকা এবং অকটেন ৩০ টাকা।

গত সপ্তাহে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান অবস্থায় তেলের দাম বৃদ্ধি করা না হলে অনেক ব্যাংক পঙ্গু হয়ে যাবে। অন্যদিকে বিপিসিকে যে পরিমাণ লোকসান দিতে হচ্ছে, তার চাপ সামলানোর মতো অবস্থা অর্থনীতির নেই।

সম্প্রতি বিশ্বব্যাংক’র একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরামর্শ দিয়ে বলেছে, এটি করা না হলে তারা ঋণের কিস্তি ছাড় করবে না।

দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানসহ অন্য দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাজার নির্ভর। সেখানে আন্তর্জাতিক বাজারের দাম ওঠানামার সাথে মিলিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। তবে ভারত এবং পাকিস্তানে কেরোসিনের উপর ভর্তুকি চালু থাকায় এর দাম কম।