২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেডিস, ফার্স্ট’: মহিলাদের জন্য বাংলালিংকের সাশ্রয়ী অফার

মোবাইল কোম্পানি বাংলালিংক ‘লেডিস, ফার্ষ্ট’ নামে একটি বিশেষ অফার দিচ্ছে নারীদের জন্য। ৪ সেটেম্বর থেকে কার্যকর হচ্ছে এ অফার। এতে নারীরা সাশ্রয়ী খরচে আরো সহজ, আরো আরামদায়ক বিশেষ সুবিধা পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস পি রেইচেলট এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বাংলালিংক নিয়েছে নারীর প্রতি সম্মান দেখানোর এক সাহসী পদক্ষেপ- নারীর কথা বলা আর শোনার প্রয়োজন মেটাতে নিয়ে এসেছে নতুন এক বিশেষ অফার।

যে কোন মোবাইলে প্রতি ৩০ সেকেন্ডে দুই টাকা ২৫ পয়সা সর্বনিু পিক আওয়ার রেট ছাড়াও বেশ কিছু বিশেষ সুবিধা থাকছে এতে। পছন্দের একটি বাংলালিংক ‘ফ্রেন্ডস্ অ্যান্ড ফ্যামিলি’ নাম্বারে সারাদিন প্রতি ৩০ সেকেন্ডে মাত্র এক টাকা রেটে কল করা যাবে। যেকোন বাংলালিংক নাম্বারে এসএমএস করা যাবে মাত্র এক টাকায় ।

এছাড়া থাকছে রাশিফল, বিউটি টিপস, রান্নার টিপস সহ প্রধান প্রধান বুটিক, হস্তশিল্পের দোকান, ডিপার্টমেন্ট স্টোর আর বিউটি পার্লারে বিশেষ দামের সুবিধা। এছাড়াও প্রতিটি ক্রয়ের সাথে উপহার হিসাবে পাওয়া যাবে মোবাইল এক্সেসরিজ।

লেডিস ফার্স্ট অফারে যেসব দোকানে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে: মায়াসির-গুলশান, টোটাল কেয়ার-বনানী, কুমুদিনী-নারায়নগঞ্জ, টাঙ্গাইল শাড়ি কুটির-নিউ বেইলি রোড, প্রিয় সুপার শপ-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। এ তালিকা ভবিষ্যতে বাড়তে থাকবে।

বাংলালিংকের প্রধান ব্যানিজ্যিক কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেন, সারাদেশে আমাদের প্রায় ছয় লাখ গ্রাহক রয়েছে। নতুন এই অফারের ফলে গ্রাহকসংখ্যা আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।